ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

কেএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি

প্রকাশিত: 24 November 2026, 10:19 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ের ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সংক্রান্ত নির্দেশ প্রদান করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।

জারি করা প্রথম প্রজ্ঞাপনে ছয়জন কর্মকর্তার পদায়নের কথা জানানো হয়েছে। এই আদেশ অনুযায়ী, কেএমপির কমিশনার (ডিআইজি) মো. সাজ্জাদুর রহমানকে সিআইডির ডিআইজি এবং ঢাকার বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেটের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি এবং ঢাকার এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে দ্বিতীয় প্রজ্ঞাপনে আরো আটজন কর্মকর্তার রদবদলের আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার এ এইচ এম শাহাদাত হোসাইনকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার এবং পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে আরো জানানো হয়, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার, ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার, ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার, ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌপুলিশের পুলিশ সুপার এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

মন্তব্য করুন