প্রিজনভ্যান থেকে আইনজীবীদের চোখ উপড়ে ফেলার হুমকি
নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আসামিদের প্রিজনভ্যানে তোলার সময় নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
সংশ্লিষ্ট আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জামিন শুনানির জন্য ১৭ জন আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। শুনানি শেষে তাদের কারাগারে নেওয়ার জন্য প্রিজনভ্যানে তোলার সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটওয়ারী প্রিজনভ্যান থেকে দুই আঙুল দেখিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের চোখ উপড়ে ফেলার হুমকি দেন।
শাকিল পাটওয়ারী আরও জানান, সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মনিরুজ্জামান পাটওয়ারী ও রাজু আহমেদকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক ওমর ফারুক রাজু আহমেদের জামিন মঞ্জুর করেন। এছাড়া চন্দ্রগঞ্জ থানায় দায়ের করা বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৫ নেতাকর্মীকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। জামিন পাওয়া রাজু আহমেদ লক্ষ্মীপুর পৌর কৃষক লীগের সভাপতি। তবে এ বিষয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল নেতার বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিবাদ মিছিল শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করেছে। এখন আবারও ফ্যাসিবাদী কায়দায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, জামিন নিয়ে তারা আমাদের ও আইনজীবীদের হুমকি দিচ্ছেন এবং কিছু আইনজীবী তাদের উৎসাহ ও সমর্থন দিচ্ছেন।
