ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন তিন উপসচিব

প্রকাশিত: 25 November 2026, 4:16 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন উপসচিবকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করেছে সরকার। এর ফলে তারা এখন থেকে বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৩ নভেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা অবিলম্বে কার্যকর হবে।

ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- উপসচিব মো. তোফায়েল হোসেন (পরিচিতি নম্বর ১৬২৯৪), উপসচিব কাজী আরিফুর রহমান (পরিচিতি নম্বর ১৬৯০৫) এবং উপসচিব মোছা. ফুয়ারা খাতুন (পরিচিতি নম্বর ১৬৯২০)। তারা বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১০(৫) ধারা অনুযায়ী তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৪ ধারা অনুযায়ী তাদের মোবাইল কোর্ট পরিচালনার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে।

দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে দেখা যায়, উপসচিব মো. তোফায়েল হোসেনকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮, ২৯০ ও ২৯১ ধারায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে। অন্যদিকে, উপসচিব কাজী আরিফুর রহমান ও উপসচিব মোছা. ফুয়ারা খাতুনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর নির্ধারিত ধারায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে কিছু সুনির্দিষ্ট নির্দেশনাও দেওয়া হয়েছে। ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা সচিবালয়ে কর্মরত থাকাকালীন এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তবে মোবাইল কোর্ট পরিচালনার আগে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে। প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট তার অধিক্ষেত্রে অন্যান্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত আইনে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি সমন্বয় করতে পারবেন। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনার বিবরণ নির্ধারিত ছকে সংশ্লিষ্ট মাসের শেষ কর্মদিবসে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দিতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্তব্য করুন