নিবিড় পরিচর্যাকেন্দ্রে বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ
অনলাইন ডেস্ক:
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অসুস্থতার খবরে সাংস্কৃতিক অঙ্গনের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই গুণী শিল্পী। অভিনেত্রী মোমেনা চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, নিউমোনিয়ার জটিলতায় তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগেও মামুনুর রশীদ গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসা নিয়েছিলেন। গত ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। সে সময় যুক্তরাষ্ট্রের হাসপাতালে পরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়েছিল। সেখানে ছয় দিন আইসিইউতে থাকার পর সুস্থ হয়ে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি তিনি দেশে ফেরেন এবং পুনরায় অভিনয়ে ব্যস্ত হয়ে ওঠেন।
পাঁচ দশকের বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই দাপটের সঙ্গে কাজ করছেন মামুনুর রশীদ। ১৯৭২ সালে তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’। ১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলের ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করা এই শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
ষাটের দশকে ‘চেনামুখ’ নাটক দিয়ে টেলিভিশন নাট্যকার হিসেবে যাত্রা শুরু করেন তিনি। তার প্রতিষ্ঠিত ‘আরণ্যক’ নাট্যদলের হয়ে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’-এর মতো কালজয়ী মঞ্চনাটক উপহার দিয়েছেন। এছাড়া ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি ও দর্শকপ্রিয়তা পেয়েছেন। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছেন।
