নেটফ্লিক্সে আসছে ফাওয়াদ-মাহিরার প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ
অনলাইন ডেস্ক:
বিশ্বখ্যাত স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানের প্রথম অরিজিনাল সিরিজ। আগামী ৪ ডিসেম্বর দর্শকের সামনে আসছে বহুল প্রতীক্ষিত রোমান্টিক ড্রামা সিরিজটি, যার নাম ‘জো বাচে হ্যায় সাং সামেত লো’। এই সিরিজের মাধ্যমে জুটি বেঁধে পর্দায় ফিরছেন জনপ্রিয় তারকা ফাওয়াদ খান ও মাহিরা খান।
ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় একটি উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এই সিরিজটি। এতে আরও একঝাঁক তারকা অভিনয় করেছেন। তাদের মধ্যে রয়েছেন সানাম সাঈদ, আহাদ রাজা মীর, হানিিয়া আমির, হামজা আলী আব্বাসি, ইকরা আজিজ, মায়া আলী, বিলাল আশরাফ, খুশহাল খান, নাদিয়া জামিল, ওমাইর রানা ও সামিনা আহমেদ। আন্তর্জাতিক অঙ্গনে সিরিজটি ‘অল দ্য লাভ আওয়ার হার্টস ক্যারি’ নামেও পরিচিত।
সিরিজটির নির্মাতা ও প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন মোমিনা দুরাইদ। তার প্রযোজনা প্রতিষ্ঠান মোমিনা দুরাইদ ফিল্মসের ব্যানারে এটি নির্মিত হয়েছে। এর আগে ২০২৩ সালের আগস্ট মাসে এই সিরিজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল।
গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে সিকান্দার চরিত্রটি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষার্থী জীবনের একটি বেদনাদায়ক ঘটনার পর নিজেকে সবার থেকে গুটিয়ে নেয়। পরবর্তীতে ইতালিতে তার সাক্ষাৎ হয় লিজা নামের এক প্রতিভাবান শিল্পীর সঙ্গে, যার নিজের জীবনেও রয়েছে নানা জটিলতা। এই পরিচয়ের হাত ধরেই মূলত এগিয়ে যায় কাহিনী। মূলত তিন প্রজন্মের ছয়টি প্রেমের গল্প নিয়ে সাজানো হয়েছে এই সিরিজটি।
এ বছর আলোচনায় থাকা ৮টি পাকিস্তানি নাটক নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। উল্লেখ্য, মূল উপন্যাসটি প্রথম ২০০৯ সালে ‘খাওয়াতিন ডাইজেস্ট’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং ২০১৩ সালে বই আকারে আত্মপ্রকাশ করে। এর আগে ফারহাত ইশতিয়াকের লেখা থেকে ‘হামসাফার’, ‘বিন রোয়ে’ ও ‘ইয়াকিন কা সফর’-এর মতো দর্শকপ্রিয় নাটক ও চলচ্চিত্র নির্মিত হয়েছে।
পাকিস্তান, ইতালি ও যুক্তরাজ্যের বিভিন্ন মনোরম লোকেশনে সিরিজটির শুটিং সম্পন্ন হয়েছে। শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী মাহিরা খান ২০২৫ সালে এক সাক্ষাৎকারে জানান, কাজটি তার জন্য বেশ আবেগপূর্ণ ও কঠিন ছিল। এই সিরিজের শুটিং শেষ করেই তিনি ‘লাভ গুরু’ সিনেমার কাজে যুক্ত হন। সাধারণত একসঙ্গে একাধিক প্রকল্পে কাজ করেন না বলেও জানিয়েছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী।
