গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি, গ্রামে ফিরছেন শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক:
তৈরি পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পর দিনই গাজীপুরজুড়ে দেখা দিয়েছে শ্রমিক অসন্তোষ। বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকরা সড়ক ও কারখানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। উদ্ভূত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৬টি কারখানা দুই দিনের (বুধবার ও বৃহস্পতিবার) জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এছাড়া বেশ কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায় সার্বিক নিরাপত্তার স্বার্থে বুধবারের জন্য অর্ধশতাধিক কারখানা ছুটি দেওয়া হয়েছে। কারখানাগুলোর দায়িত্বশীল কর্মকর্তা ও আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে এসব তথ্যের সত্যতা পাওয়া গেছে।
কারখানাগুলো টানা দুই দিন ছুটি দেওয়ায় আগামী শুক্রবারের সাপ্তাহিক ছুটির দিনসহ টানা তিন দিনের ছুটি পেয়ে গেছেন শ্রমিকরা। ফলে বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত তারা গ্রামের বাড়ির উদ্দেশে শিল্পাঞ্চল ছাড়তে শুরু করেছেন। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় শিল্পাঞ্চল জুড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে।
যেসব কারখানা দুই দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে সেগুলো হলো— শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকার ভিনটেক্স ডেনিম লিমিটেড, টি-ডিজাইন নিটওয়্যার লিমিটেড, ডি-জাইটেক্স নিটওয়্যার লিমিটেড, মেঘনা নিট কম্পোজিট, মেঘনা গ্রুপের সাবলাইম গার্মেন্টস, এক্সিকিউティブ গ্রিন টেক্স, এক্সিকিউティブ হাই ফ্যাশন, স্ট্যান্ডার্ড গার্মেন্টস, সাসটেইনেবল ওয়েট প্রসেসিং, এম এন আর সোয়েটার, এম এন আর ফ্যাশন, ওয়েলডান সোয়েটার, টি এস ক্যাজুয়াল, ইউরো ফ্যাশন, প্যানডোরা সোয়েটার এবং ইউনিসেন্স গার্মেন্টস।
অন্যদিকে, তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের কালার অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডেনিম্যাক ডেনিম, কে এস এস নিটওয়্যার লিমিটেড, তাকওয়া ফ্যাশন লিমিটেড ও লান্তাবুর গার্মেন্টস এক দিনের ছুটি ঘোষণা করেছে। এছাড়া এসরোটেক্স গার্মেন্টস, প্যাস্টেল অ্যাপারেলস, ইপিক গার্মেন্টস, নাসা হাইটেক এবং স্টাইল ফ্যাশন লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।
এর আগে সোমবার ও মঙ্গলবার দুপুরে দক্ষিণ ভাংনাহাটি এলাকার রাতুল অ্যাপারেলস লিমিটেড, কেওয়া নতুন বাজার এলাকার এমএইচসি অ্যাপারেলস লিমিটেড, গড়গড়ীয়া মাস্টারবাড়ি এলাকার ডেনিমেক, দক্ষিণ ভাংনাহাটি এলাকার হ্যামস গার্মেন্টস, লাক্সমা ইনওয়্যার লিমিটেড, ভিক্টোরিয়া গার্মেন্টস, নোমান গ্রুপের নোমান হোম টেক্সটাইল লিমিটেড এবং বাঘেরমন্ডল ইন্টিমেন্টস পোশাক কারখানায় তাণ্ডব ও ভাঙচুর চালানো হয়। যেসব কারখানার মূল চত্বরে বহিরাগতরা ঢুকতে পারেনি, সেগুলোর অফিস কক্ষ ও মূল্যবান আসবাবপত্র ভেঙে তছনছ করা হয়েছে।
পরিস্থিতি নিয়ে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘শ্রীপুর এলাকার ১০-১৫টি কারখানা দুদিনের ছুটি এবং নিরাপত্তার কথা বিবেচনা করে আজকের জন্য অর্ধশতাধিক কারখানা বন্ধ রেখেছে মালিকপক্ষ। শ্রমিকবেশে কিছু বহিরাগত দুর্বৃত্ত সাধারণ শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়াতে কারখানাগুলোতে হামলা ও ভাঙচুর চালিয়েছে।’
