মেয়েকে কোলে নিয়ে পার্লামেন্টে বক্তব্য দিলেন অস্ট্রেলিয়ার সিনেটর ফাতিমা
অনলাইন ডেস্ক:
অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এক অনন্য ও মধুর মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নজর কেড়েছে। সিনেটের নিয়মিত অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় নিজের ছয় মাস বয়সি মেয়ে আলিয়াকে কোলে নিয়ে হাজির হন পশ্চিম অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্বকারী স্বতন্ত্র সিনেটর ফাতিমা পেম্যান।
২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত সিনেটের অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। সিনেটর ফাতিমা যখন তার বক্তব্য চালিয়ে যাচ্ছিলেন, তখন তার পেছনের আসনে বসা সহকর্মী সিনেটর লিডিয়া থর্প ছোট শিশুটির সঙ্গে খেলায় মেতে ওঠেন। লিডিয়া থর্পের মজার নানা অঙ্গভঙ্গি শিশুটিকে আনন্দে ভাসিয়ে তোলে, যা পার্লামেন্টের পরিবেশকে বেশ প্রাণবন্ত করে তোলে।
ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর অনেকেই মা ও শিশুটির এই মুহূর্তটির প্রশংসা করেন। একই সঙ্গে সন্তানকে দেখাশোনার পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের প্রতি ফাতিমার এমন নিবেদন নেটিজেনদের মন জয় করেছে।
প্রসঙ্গত, বিশ্বের অনেক দেশের আইনসভার তুলনায় অস্ট্রেলিয়ার সিনেটের নিয়ম কিছুটা আলাদা। সেখানে আইনপ্রণেতাদের অধিবেশনকক্ষে সন্তানদের নিয়ে প্রবেশের স্পষ্ট অনুমতি রয়েছে। অল্পবয়সি সন্তানদের কাছ থেকে আলাদা না হয়েও যাতে অভিভাবকেরা তাদের পার্লামেন্টারি দায়িত্ব পালন করতে পারেন এবং প্রয়োজনে শিশুকে দুধ পান করাতে পারেন, সে লক্ষ্যেই এই সুবিধা রাখা হয়েছে।
দায়িত্ব পালনকালে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রেও ফাতিমা পেম্যানের একটি বিশেষ রেকর্ড রয়েছে। তিনি পশ্চিম অস্ট্রেলিয়ার প্রথম সিনেটর, যিনি দায়িত্বে থাকা অবস্থায় কোনো সন্তানের জন্ম দিয়েছেন। সূত্র: এনডিটিভি।
