ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

ভারতে বাতিল হলো পাকিস্তানি নাটক দার-ই-নিজাতের প্রদর্শনী

প্রকাশিত: 25 November 2026, 11:37 pm আপডেট: 26 November 2026, 12:46 am
ফন্ট:

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে পাকিস্তানি টেলিভিশন নাটক ‘দার-ই-নিজাত’। তবে সাম্প্রতিক সময়ে নাটকটির প্রদর্শনী কেন্দ্র করে ভারতে তৈরি হয়েছে এক জটিল বিতর্ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা এবং নানা অনলাইন প্রতিক্রিয়ার মুখে শেষ পর্যন্ত ভারতের বেঙ্গালুরুতে নাটকটির নির্ধারিত দুটি বিশেষ প্রদর্শনী বাতিল করতে বাধ্য হয়েছেন আয়োজকেরা।

বেঙ্গালুরুতে নাটকটির দুটি ব্যক্তিগত প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। এর মধ্যে প্রথমটি হওয়ার কথা ছিল আগামী ২৮ নভেম্বর, ফ্রেজার টাউনের শীশ কাবাব রেস্তোরাঁয়। ‘বেঙ্গালুরুতে প্রথমবারের মতো প্রদর্শনী’ এমন প্রচারণাও চালানো হয়েছিল। সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়ার কথা থাকা এই আয়োজনে নাটকটির ৩৪ ও ৩৫তম পর্ব দেখানোর পাশাপাশি পারস্য ও আরবীয় খাবারের আয়োজনও রাখা হয়েছিল।

দ্বিতীয় প্রদর্শনীটির আয়োজন করেছিল দ্য স্টার ক্লাব। আগামী ৫ ডিসেম্বর শহরের একটি ব্যক্তিগত প্রেক্ষাগৃহে এটি হওয়ার কথা ছিল। দুটি আয়োজনের প্রচারপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় সমালোচনা। বিষয়টি নজরে এসেছে বেঙ্গালুরু পুলিশেরও। শহরটির পুলিশ কমিশনার আর হিতেন্দ্র জানান, পুলিশ এ ধরনের আয়োজনের বিষয়ে অবগত হয়েছে এবং আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে।

তিনি বলেন, আপাতত একটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে আরও তথ্য জানতে আমরা আয়োজকদের সঙ্গে যোগাযোগ করছি। মাঠপর্যায়ে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে তা নেয়া হবে। বিতর্কের পর প্রথম আয়োজনের ভেন্যু শীশ কাবাবের এক প্রতিনিধি জানান, ২৮ নভেম্বরের প্রদর্শনী আর অনুষ্ঠিত হবে না। তবে বাতিলের নির্দিষ্ট কারণ জানাননি তিনি।

অন্যদিকে, দ্য স্টার ক্লাবের ৫ ডিসেম্বরের আয়োজনের উদ্যোক্তাও প্রদর্শনী বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, অনুষ্ঠানটি মূলত পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ পরিচিতদের নিয়ে আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু বিষয়টি বিতর্কের জন্ম দেওয়ায় তাঁরা সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

মন্তব্য করুন