ব্যাকটেরিয়া প্রয়োগে ব্রাজিলে ডেঙ্গু প্রতিরোধে মিলল বড় সাফল্য
অনলাইন ডেস্ক:
মশা নিধন বা কামড় এড়িয়ে চলার প্রচলিত পদ্ধতির বদলে মশার শরীরে এক ধরনের নির্দোষ ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে ডেঙ্গু মোকাবিলায় বড় ধরনের সাফল্য পেয়েছেন ব্রাজিলের বিজ্ঞানীরা। বিশ্বের অন্যতম ডেঙ্গুপ্রবণ দেশ ব্রাজিলে হাজার হাজার শিশুর ওপর পরিচালিত এক বড় গবেষণায় দেখা গেছে, এই পদ্ধতিতে ডেঙ্গু সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ কমে এসেছে।
শনিবার (২১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে ‘আমেরিকান সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন’-এর এক আন্তর্জাতিক সম্মেলনে এই গবেষণার আশাব্যঞ্জক ফলাফল উপস্থাপন করা হয়। এমন এক সময়ে এই তথ্য সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ১৯৪০-এর দশকের পর অন্যতম ভয়াবহ ডেঙ্গু প্রাদুর্ভাব চলছে।
গবেষণা সংশ্লিষ্টরা জানান, প্রকৃতিতে বিদ্যমান ‘উলবাচিয়া’ নামক একটি ব্যাকটেরিয়া বিশেষ প্রক্রিয়ায় লাখ লাখ মশার শরীরে প্রবেশ করিয়ে পরিবেশে ছেড়ে দেওয়া হয়। এই ব্যাকটেরিয়া মানুষের কোনও ক্ষতি করে না, তবে মশার শরীরে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা বা পীতজ্বরের মতো ভাইরাস বংশবিস্তারে বাধা সৃষ্টি করে।
গবেষণার সঙ্গে যুক্ত না থাকা বোস্টন ইউনিভার্সিটির বৈশ্বিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডেভিড হ্যামার বার্তা সংস্থা এপিকে বলেন, এটি সত্যিই রোমাঞ্চকর একটি বিষয়। তার মতে, উলবাচিয়া বহনকারী মশা আরও বেশি ব্যবহার করা হলে অনেক জায়গায় ডেঙ্গুকে অত্যন্ত নিম্ন পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হবে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্রের এমোরি ও ইয়েল বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের একদল আন্তর্জাতিক গবেষক ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দক্ষিণ-পূর্ব ব্রাজিলের বেলো হরিজন্তে শহরে এই গবেষণা চালান। প্রকৃতির প্রায় ৫০ শতাংশ পোকামাকড়ের শরীরে উলবাচিয়া থাকলেও ডেঙ্গু ছড়ানো এডিস ইজিপ্টি মশার শরীরে এটি প্রাকৃতিকভাবে থাকে না।
গবেষকরা উলবাচিয়াবাহী মশা ছাড়ার পর ওই এলাকা এবং কীটনাশক ব্যবহার করা সাধারণ এলাকার মোট ৫ হাজার ৭০০ শিশুর রক্ত পরীক্ষা করেন। এতে দেখা যায়, সাধারণ এলাকাগুলোতে রক্ত পরীক্ষায় ১৪ শতাংশ শিশুর শরীরে সংক্রমণ শনাক্ত হলেও উলবাচিয়া মশা ছাড়া এলাকাগুলোতে তা ছিল মাত্র ৪ শতাংশ। গবেষণায় ডেঙ্গু সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ এবং চিকুনগুনিয়া সংক্রমণ ৭৩ দশমিক ৩ শতাংশ কমার প্রমাণ মিলেছে। বিশ্বের মোট ডেঙ্গু রোগীর প্রায় এক-দশমাংশই ব্রাজিলে শনাক্ত হয়।
উলবাচিয়ার ব্যবহার অবশ্য এটিই প্রথম নয়। ‘ওয়ার্ল্ড মসকিউটো প্রোগ্রাম’ (ডব্লিউএমপি) ২০০০-এর দশকের মাঝামাঝি থেকে কলম্বিয়ার আবুরা ভ্যালি এবং ব্রাজিলের নিটেরোই শহরে এই পদ্ধতি প্রয়োগ করে ডেঙ্গু সংক্রমণ ৯২ শতাংশ পর্যন্ত কমিয়ে এনেছে। গবেষকদের মতে, বিষাক্ত ও ব্যয়বহুল ধোঁয়া বা কীটনাশক ছিটানোর চেয়ে এই পদ্ধতিটি অনেক বেশি পরিবেশবান্ধব এবং টেকসই। অন্যদিকে, সিঙ্গাপুরে ২০১৬ সাল থেকে উলবাচিয়াবাহী পুরুষ মশা ছেড়ে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণের পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।
ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়া ও অন্যান্য পরজীবীজনিত রোগ প্রতিরোধেও মশাকে কাজে লাগানোর গবেষণা চলছে। ২০২৪ সালে নেদারল্যান্ডসের গবেষকরা জিনগতভাবে পরিবর্তিত ম্যালেরিয়া পরজীবী বহনকারী মশা ব্যবহার করে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির পরীক্ষা চালান। এছাড়া ২০১০ সালে জাপানের বিজ্ঞানীরা কালাজ্বর জাতীয় রোগ ‘লিশম্যানিয়াসিস’-এর টিকা বহনকারী মশা তৈরি করে ইঁদুরের শরীরে অ্যান্টিবডি তৈরিতে সফল হয়েছিলেন।
