জামায়াত-এনসিপির আস্ফালনে ফ্যাসিবাদীদের সুযোগ তৈরি হচ্ছে: নুর
নিজস্ব প্রতিবেদক:
জামায়াতে ইসলামী ও এনসিপির রাজনৈতিক আস্ফালন পতিত ফ্যাসিবাদী শক্তিকে আবারও মাথাচাড়া দেওয়ার সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, জামায়াত ও এনসিপির বিভিন্ন কর্মকাণ্ডের ফলে দেশে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, যার সুযোগ নিচ্ছে পতিত ফ্যাসিবাদী শক্তি। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ পুনর্গঠন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে জুলাই জাতীয় সনদ প্রণয়ন ও বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা হয়েছে। সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নিলেও এ প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ আরও কার্যকর হতে পারত বলে তিনি মনে করেন।
প্রতিমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিরা থাকলে আইনজীবী, সাংবাদিক, নাগরিক সমাজ ও ছাত্রসংগঠনগুলোর মতামত সরকারের কাছে পৌঁছানো সহজ হতো। এতে সংস্কার বাস্তবায়নে সরকারের ওপর কার্যকর চাপ সৃষ্টি করা সম্ভব হতো। কিন্তু সেই সুযোগ কাজে না লাগিয়ে জামায়াত ও এনসিপি আন্দোলন ও লংমার্চের পথ বেছে নেওয়ায় সরকার ও বিরোধী দলের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।
জামায়াতের প্রসঙ্গ টেনে নুর বলেন, একসময় জামায়াতে ইসলামী বিএনপির মিত্র ছিল এবং যুগপৎ আন্দোলনে দলটির নেতাকর্মীদের অবদান রয়েছে। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলটির কিছু কর্মকাণ্ড হতাশাজনক। সরকারের সঙ্গে সংসদে আলোচনার সুযোগ থাকা সত্ত্বেও রাজপথের কর্মসূচির মাধ্যমে পরিস্থিতি জটিল করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এনসিপির সমালোচনা করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট অনেক তরুণ এনসিপিতে যুক্ত হয়েছেন। রাজনৈতিক বিভাজন ও অস্থিরতা তৈরির মধ্য দিয়ে তারা পতিত ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছেন।
নুর আরও বলেন, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ও মিত্র দলগুলোর এক দফা আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি শুরুর পর ব্যাপক দমন-পীড়ন চালানো হয় এবং প্রায় ৩২ হাজার নেতাকর্মী গ্রেপ্তার হন। এরপরও বিএনপি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন। বিরোধী দলের সমর্থন ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া ছাত্র আন্দোলন কখনো গণআন্দোলনে রূপ নিত না উল্লেখ করে তিনি রাজনৈতিক বিভেদ ভুলে ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
