ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

এক মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচ শিশু হাসপাতাল

প্রকাশিত: 26 November 2026, 7:11 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা দেশের পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল আগামী এক মাসের মধ্যেই চালু করা হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসক, জনবল ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের মাধ্যমে হাসপাতালগুলো সচল করার এই উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিল্টন হলে আয়োজিত ‘ন্যাশনাল ভাস্কুলার ডে ২০২৬’ ও ‘হেলথ জার্নালিজম ওয়ার্কশপ’ উপলক্ষে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, বিগত সময়ে নির্মাণ করা হলেও দীর্ঘদিন ধরে কার্যক্রম শুরু করতে পারেনি এমন ট্রমা সেন্টার ও শিশু হাসপাতালগুলো চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী এক মাসের মধ্যে দেশের বিভিন্ন বিভাগে অবস্থিত পাঁচটি শিশু হাসপাতাল প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম দিয়ে চালু করা হবে।

স্বাস্থ্য খাতের জনবল সংকট নিরসনে ১০ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপের নিয়োগ কার্যক্রমের পরপরই আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নার্স, মেডিকেল টেকনোলজিস্টসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনাও রয়েছে সরকারের।

হাসপাতালের বহির্বিভাগে রোগীদের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি কমাতে ডিজিটাল সেবা সম্প্রসারণের বিষয়ে ড. এম এ মুহিত বলেন, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পরীক্ষামূলকভাবে অনলাইন টিকিট ও নির্দিষ্ট সময়ের স্লটভিত্তিক সেবা চালু হয়েছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে আগারগাঁওয়ের আরও পাঁচ থেকে ছয়টি বিশেষায়িত হাসপাতালে এ ব্যবস্থা পুরোপুরি কার্যকর করা হবে। নতুন এ ব্যবস্থার ফলে চিকিৎসা নিতে রোগীদের আর ভোররাত থেকে হাসপাতালে এসে লাইনে দাঁড়াতে হবে না এবং হাসপাতালকেন্দ্রিক দালালদের তৎপরতা কমবে।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসক, গণমাধ্যমকর্মী ও প্রশাসনের মধ্যে পারস্পরিক আস্থা এবং সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, চিকিৎসক ও রোগী—উভয়ের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ভারসাম্যপূর্ণ আইন প্রণয়নের কাজ চলছে। এছাড়া অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা জীবাণুর ওষুধ প্রতিরোধী হয়ে ওঠার ঝুঁকি মোকাবিলায় চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রম হালনাগাদ করা হচ্ছে। বক্তব্যের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী জানান, আগামী ১৩ ডিসেম্বর থেকে সারা দেশে নতুন পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু হবে।

মন্তব্য করুন