ছুটির দিনেও কারখানায় শ্রমিকরা, শিল্পাঞ্চলে ফিরেছে স্বস্তি
অনলাইন ডেস্ক:
কয়েক দিনের অস্থিরতার পর শুক্রবার পোশাকশিল্পাঞ্চলগুলোতে ছিল শান্ত পরিবেশ। সাপ্তাহিক ছুটির দিন হলেও সাভার-আশুলিয়ায় ১১৮টি কারখানায় উৎপাদন চলেছে, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শিল্প পুলিশ জানিয়েছে, সাভার ও আশুলিয়া এলাকার ১১৮টি কারখানায় শুক্রবার উৎপাদন হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা, মৌচাক, সফিপুর, কোনাবাড়ী, পল্লী বিদ্যুৎ, নাওজোড় ও জরুন এলাকায় ৫০টির বেশি কারখানায় কাজ চলেছে। গাজীপুরে প্রায় ৯০ শতাংশ কারখানা ছুটি ও বন্ধের কারণে বন্ধ থাকলেও সকাল ১০টা পর্যন্ত কোথাও অস্থিরতার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন।
নারায়ণগঞ্জের পরিস্থিতিও ছিল স্বাভাবিক। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহদী জানান, জেলার কারখানাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। বিকেএমইএর সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেলও একই ধরনের তথ্য দিয়েছেন।
গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে।
এর আগে বৃহস্পতিবার কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে বাসাভাড়া নিয়ে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়। নতুন ন্যূনতম মজুরি অনুযায়ী পোশাকশ্রমিকদের সর্বনিম্ন বেতন হয়েছে ১৭ হাজার টাকা; গ্রেডভেদে ১৯ হাজার ২০০, ২০ হাজার ও ২১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হয়েছে। নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং শ্রমিকরা তা হাতে পাবেন জানুয়ারি থেকে।
