পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গ্রেপ্তার ৩৩৮
অনলাইন ডেস্ক:
নাশকতার অভিযোগে সারা দেশে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৩৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে শুধু রাজধানী ঢাকা থেকেই গ্রেপ্তার হয়েছেন ৫০ জন।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে এই অভিযান চালানো হয়। ছয়টি স্থানে পুলিশ বক্সে আগুন দেওয়াসহ নাশকতার নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানটি চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন নিহত সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মেয়ে মুমতারীন ফেরদৌস ডরিন, সাবেক উপপ্রেস সচিব কে এম সাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসাইন এবং সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ব্যক্তিগত সহকারী মফিজুর রহমান। মফিজুর রহমানকে মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোহাম্মদ আবু সুফিয়ান জানান, নাশকতার পরিকল্পনা ও তৎপরতার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
