লোকাল এলসি আদান-প্রদানে বাংলাদেশ ব্যাংকের নতুন প্ল্যাটফর্ম চালু
অনলাইন ডেস্ক:
দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে ঋণপত্রের তথা লোকাল এলসির তথ্য আদান-প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করতে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ বা ‘বার্তা’ (BARTA) প্ল্যাটফর্ম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। শনিবার (২৮ নভেম্বর ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।
নতুন এই ব্যবস্থার মাধ্যমে ব্যাংকগুলো কেন্দ্রীয়ভাবে তাৎক্ষণিক লোকাল এলসি সংক্রান্ত তথ্য ও বার্তা বিনিময় করতে পারবে। এর ফলে রপ্তানি বাণিজ্য গতিশীল হওয়া, পশ্চাৎমুখী সংযোগ শিল্পের বিকাশ এবং রপ্তানিতে দেশীয় মূল্য সংযোজন বাড়ার পাশাপাশি বছরে প্রায় ৬ থেকে ৭ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বার্তা’র মাধ্যমে মাস্টার এক্সপোর্ট এলসি বা রপ্তানি চুক্তির বিপরীতে খোলা স্থানীয় ও ব্যাক-টু-ব্যাক এলসির তথ্য আদান-প্রদান করা হবে। এতে তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের তদারকি ব্যবস্থা আরও কার্যকর হবে এবং লোকাল এলসির তথ্য সংগ্রহের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর কেন্দ্রীয় ব্যাংকের নির্ভরশীলতা কমবে।
প্ল্যাটফর্মটিতে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক স্তরের সুরক্ষাব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই ভিত্তিক যাচাইকরণ, টোকেনভিত্তিক প্রবেশাধিকার, এনক্রিপ্টেড ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন বা ন্যাট এবং ফায়ারওয়াল ব্যবহারের ব্যবস্থা। ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ে দুই স্তরের নিরাপত্তা পদ্ধতি বা টু-ফ্যাক্টর অথেনটিকেশন অনুসরণ করা হবে এবং প্রতিটি ব্যাংকের তথ্য পৃথকভাবে সুরক্ষিত থাকবে।
নতুন এই প্ল্যাটফর্মে বাংলাদেশ ব্যাংকের ব্যবহারকারীরা শুধু তথ্য পর্যবেক্ষণের সুযোগ পাবেন এবং তারা কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করতে পারবেন না। বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিষ্ঠিত পৃথক ও নিরাপদ আইটি নেটওয়ার্ক বা এক্সট্রানেটের মাধ্যমে তথ্য আদান-প্রদান হবে এবং প্রতিটি যোগাযোগের ক্ষেত্রে তিন স্তরের অনুমোদন ব্যবস্থা অনুসরণ করা হবে।
‘বার্তা’ পুরোপুরি বাস্তবায়িত হলে বাংলাদেশ ব্যাংকের তদারকি ব্যবস্থা আরও জোরদার হবে। এর মাধ্যমে প্রচ্ছন্ন রপ্তানির ক্ষেত্রে অপরিশোধিত রপ্তানি আয়ের পরিমাণ কমবে, রপ্তানিতে দেশীয় মূল্য সংযোজন বাড়বে এবং সামগ্রিকভাবে দেশের রপ্তানি খাতের সক্ষমতা বৃদ্ধিতে তা সহায়ক ভূমিকা পালন করবে।
প্রাথমিক পর্যায়ে ‘বার্তা’-এর পাশাপাশি লোকাল এলসির তথ্য আদান-প্রদানে প্রচলিত সুইফট ব্যবস্থাও চালু থাকবে। পরবর্তী সময়ে এই প্ল্যাটফর্মের কার্যক্রম সম্পূর্ণরূপে কার্যকর ও স্থিতিশীল হলে পর্যায়ক্রমে সুইফটভিত্তিক ব্যবস্থা প্রত্যাহার করা হবে।
