ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রকাশিত: 28 November 2026, 5:36 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিপত্রে নারীদের প্রকৃত নাম ব্যবহার নিষিদ্ধ করেছে তালেবান সরকার। স্বাস্থ্যকর্মী ও সরকারি কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে নারীদের নামের পরিবর্তে ‘বিবি’ বলে সম্বোধন করার জন্য। বিষয়টি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন নারী অধিকারকর্মীরা।

হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত নথি, ব্যবস্থাপত্র এবং সরকারি কাগজপত্রে এখন নারীদের আসল নাম লেখা হচ্ছে না। এর পরিবর্তে ব্যবহার করতে বলা হচ্ছে ‘বিবি’ শব্দটি, যার আক্ষরিক অর্থ দাদি বা বৃদ্ধা।

জার্মানিতে বসবাসরত আফগান নারী অধিকারকর্মী লালাহ ওসমানি জানিয়েছেন, নারী, চিকিৎসক ও অধিকারকর্মীদের কাছ থেকে পাওয়া তথ্যে কিছু ক্ষেত্রে নারীদের ‘ছাগল’ ও ‘গরু’ বলেও সম্বোধন করার গুরুতর অভিযোগ রয়েছে। তার মতে, নারীদের পরিচয় মুছে দিয়ে এভাবে সম্বোধন করা তাদের অমানবিক করে তোলার একটি পরিকল্পিত প্রক্রিয়া মাত্র।

আরেকজন আফগান অধিকারকর্মীও এ ধরনের নির্দেশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার দাবি, সাধারণ মানুষের একটি অংশ এখনো এই নির্দেশ উপেক্ষা করে চলেছেন।

নারী অধিকারবিষয়ক সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বালখ প্রদেশে চালু হওয়া এই বিধিনিষেধ ভবিষ্যতে পুরো আফগানিস্তানে ছড়িয়ে দেওয়া হতে পারে। তার মতে, এর আগে বিভিন্ন অঞ্চলে নারীদের ওপর আরোপ করা অন্যান্য বিধিনিষেধও পরবর্তী সময়ে সারা দেশজুড়ে কার্যকর করা হয়েছিল।

আফগানিস্তানে নারীদের অধিকার ক্রমান্বয়ে সীমিত করতে তালেবান এ পর্যন্ত ১৪৪টির বেশি নির্দেশ জারি করেছে। ১২ বছরের বেশি বয়সী মেয়েদের শিক্ষার সুযোগ বন্ধ, অধিকাংশ পেশায় নারীদের কাজ করার ওপর নিষেধাজ্ঞা এবং জনসমক্ষে কথা বলার ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

তবে এত বাধা-বিপত্তির মধ্যেও কিছু নারী গোপনে ব্যবসা পরিচালনা করছেন এবং মেয়েদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, যা গত ১৭ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে। অন্যদিকে প্রতিরোধবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আসলাম জানিয়েছেন, ইসলামি শরিয়াহ ও প্রচলিত আইন মেনে নারীরা ব্যবসা এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

চিকিৎসা সংক্রান্ত নথিতে নারীদের প্রকৃত নাম ব্যবহার না করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে লালাহ ওসমানি বলেন, একই ধরনের নামে রোগীদের নথি সংরক্ষণ করা হলে চিকিৎসা ব্যবস্থায় বড় ধরনের বিভ্রান্তি তৈরি হতে পারে এবং ভুল চিকিৎসার ঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানে একজন নারীকে তার প্রকৃত নামে ডাকা এখন প্রতিরোধের একটি অন্যতম কাজ হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্য করুন