রাজশাহীতে আজহারীর মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমার চক্রের সন্দেহে ৬৫ জন নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৮ নভেম্বর) বেলা তিনটা পর্যন্ত রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক হওয়া এসব নারী দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাফসির মাহফিলে যোগ দিতে রাজশাহীতে এসেছিলেন।
বিষয়টি নিশ্চিত করে আরএমপির মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান জানান, মাদ্রাসা মাঠে আয়োজিত তাফসির মাহফিলে মানুষের বিপুল সমাগমকে কেন্দ্র করে পকেটমার ও অপরাধমূলক ঘটনা ঘটার আশঙ্কায় পুলিশের পক্ষ থেকে বিশেষ গোয়েন্দা নজরদারি রাখা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সময়ে সন্দেহজনক ঘোরাফেরা এবং পকেটমারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই ৬৫ নারীকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করতেও তাদের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে শনিবার বিকেলে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এই তাফসির মাহফিল শুরু হয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী।
পাশাপাশি রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমানের।
