তেল-গ্যাস কেনায় অর্থনীতিতে রক্তক্ষরণ হচ্ছে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
তেল ও গ্যাস কিনতে গিয়ে দেশের অর্থনীতিতে বড় ধরনের রক্তক্ষরণ হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আন্তর্জাতিক বাজারে জ্বালানির লাগামহীন দামের কারণে তাদের প্রতিদিন নানামুখী পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে বলেও তিনি জানান।
রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন কৌশল নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের ব্যাংক খাত পুরোপুরি স্থিতিশীল হতে আগামী বছর পর্যন্ত সময় লাগবে। সেই সময় এলে গ্রাহকরা স্বাচ্ছন্দ্যে তাদের আমানতের অর্থ ফিরে পাবেন। তবে এর মাঝে জিডিপি প্রবৃদ্ধি আরও কিছুদিন কিছুটা কম থাকবে। বিগত দিনে দেশে কোনো কার্যকর পুঁজিবাজার ছিল না উল্লেখ করে তিনি একে ক্যাসিনোর সঙ্গে তুলনা করেন।
আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকার প্রসঙ্গ টেনে তিনি জানান, এই বহুমুখী সংকটের কারণে জিডিপি প্রবৃদ্ধি আরও কিছু সময় মন্থর গতিতে চলতে পারে। পাশাপাশি খাদ্য মূল্যস্ফীতির হার আরও কমিয়ে আনার ওপর তিনি বিশেষ জোর দেন।
নির্ধারিত সময়ের মধ্যেই পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগীদের সম্মিলিত সমন্বয়ের মাধ্যমেই এই পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামো বাস্তবায়ন করা হবে। যেকোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে শুধু অবকাঠামো নির্মাণকেই প্রাধান্য না দিয়ে, এর আর্থিক সম্ভাব্যতা, কর্মসংস্থান সৃষ্টির সুযোগ এবং পরিবেশগত বিষয়গুলোকে সমানভাবে গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন তিনি।
