অনলাইন ডেস্ক:
ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে ঢাকার অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডা. এনামুর রহমানকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ডা. এনামসহ চার জনকে আদালতে হাজির করা হয়। পুলিশি পাহারায় তাদের ৯টা ৩২ মিনিটে কাঠগড়ায় তোলা হয়। এ সময় ডা. এনাম তার বাম পকেট থেকে সাদা কাগজে লেখা চিঠি বের করে এক ব্যক্তির হাতে দিয়ে বলেন, ‘চিঠিটা দিয়ে দিস’। জানতে চাইলে ওই ব্যক্তি নিজেকে এনামুর রহমানের ভাই বলে পরিচয় দেন। তবে, তিনি চিঠি নেওয়ার বিষয়টি অস্বীকার করেন এবং পরে দাবি করেন যে, তিনি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জন্য আদালতে এসেছেন।
সাভারে এক শিক্ষার্থীকে হত্যার মামলায় ডা. এনামুর রহমানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া, সাভার থানার আরো ছয় মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আশুলিয়া থানার এক মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ২৬ জানুয়ারি দিবাগত রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
গত বছরের ৫ আগস্ট সাভার বাসস্ট্যান্ডে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের শিক্ষার্থী কাইয়ুম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় নিহতের মা কুলছুম বেগম সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।
এদিন, ডা. এনামুর রহমানকে দেখতে আদালতে আসেন তার ছেলে। বাবাকে দেখে অশ্রুসিক্ত হন তিনি। তবে বাবার সঙ্গে সরাসরি কথা বলতে না পারলেও হাত ও চোখের ইশারায় কুশল বিনিময় করেন।
এই মামলার তদন্ত ও বিচার কার্যক্রম চলমান রয়েছে।











