টঙ্গিবাড়ীতে বাসে আগুন, হেলপারের মৃত্যু

অনলাইন ডেস্ক:

মুন্সীগঞ্জ-এর টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও বাজার সেতুর কাছে গত মঙ্গলবার রাতে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও বাসে ঘুমিয়ে থাকা ১৪ বছর বয়সী হেলপার যাহাবির মিয়া (১৪) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

ঘটনাটি ঘটেছে রাত আড়াইটার দিকে টঙ্গিবাড়ী-লৌহজং সড়কে। নিহত যাহাবির লৌহজং উপজেলার পালগাও গ্রামের সোহেল মিয়ার ছেলে। তবে অগ্নিকা-ের সঠিক সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এ বিষয়ে তদন্ত শুরু করেছেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, আগুনের খবর পেয়ে দ্রুত লৌহজং ও টঙ্গিবাড়ী ফায়ার সার্ভিসের ইউনিট দুটি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তিনি আরও বলেন, বাসে বৈদ্যুতিক কোনো সংযোগ ছিল না, তবে সাধারণত চালক ও হেলপার বাসে কয়েল জ্বালিয়ে ঘুমান। এ কারণেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।