শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন বুক কর্নার স্থাপনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক:

ইসলামিক ফাউন্ডেশন (ইফা) আগামীতে দেশের স্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বুক কর্নার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ইফার সভাকক্ষে বোর্ড অব গভর্নরসের ২২৮তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা। সভায় জানানো হয়েছে, নতুন বুক কর্নারে থাকবে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থ, যেমন সিরাতুন নবী, তাফসির, ফিকাহ শাস্ত্র, হাদিস, নবী-রাসুল ও সাহাবায়ে কেরামদের জীবনী, নারীর অধিকার, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ বিষয়ে বই। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় বই পড়ার অভ্যাস গড়ে ওঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

এছাড়া, সভায় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন আয়বর্ধনমূলক কর্মসূচির আওতায় দেশের ১০টি জেলার অব্যবহৃত ১৭১ শতক জমি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলাগুলো হলো- সিরাজগঞ্জ, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বান্দরবন, কুড়িগ্রাম, চাঁপাইনওয়াবগঞ্জ, ভোলা ও পঞ্চগড়। এই কর্মসূচির আওতায় জমির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. সাইফুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফয়েজ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ শাহ আলমগীর সহ আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়া, সভায় জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যদের সম্মানী বৃদ্ধি, ইফার প্রকাশিত বইয়ের তালিকা প্রকাশ, পদোন্নতিবঞ্চিতদের বিষয়ে করণীয় এবং ফাউন্ডেশনের কার্যক্রম গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।