কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক:

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও জুলাই আন্দোলনের সমন্বয়কারী নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কাফি নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কলাপাড়া থানায় এই মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, কাফি তার মামলায় উল্লেখ করেছেন যে, জুলাই-আগষ্ট আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ এবং ধানমন্ডি ৩২-এ গুমের আস্তানা ধ্বংসে জনগণের সঙ্গে ফ্রন্টে থাকার কারণে পরিকল্পিতভাবে তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।

ওসি মোস্তাফিজুর রহমান আরও জানান, “কাফির ঘর পোড়ানোর বিষয়ে পুলিশি তদন্ত চলছে।”

উল্লেখযোগ্য যে, গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কাফির বাড়ি বাহির থেকে দরজা আটকে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করেছেন কাফির বাবা এবিএম হাবিবুর রহমান। তবে, আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ার আগেই ওই ঘরে থাকা পরিবারের ৬ সদস্য দরজা ভেঙে অক্ষত অবস্থায় বের হয়ে আসেন। আগুনে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।