সুদানের উত্তর দারফুরে আরএসএফের গোলাবর্ষণে নিহত ১৫, আহত ৬৪

অনলাইন ডেস্ক:

সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল ফাশেরের দক্ষিণে একটি শরণার্থী শিবির ও বাজারে র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) বাহিনীর গোলাবর্ষণে অন্তত ১৫ জন নিহত এবং ৬৪ জন আহত হয়েছেন।

রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ইব্রাহিম খাতির জানিয়েছেন, নিহতদের মধ্যে অধিকাংশই শিশু ও নারী। তিনি বলেন, “এ পর্যন্ত ১৫ জন নিহত এবং ৬৪ জন আহত হয়েছে। জমজম শিবির ও গবাদি পশুর বাজারে আরএসএফ মিলিশিয়া বাহিনীর গোলাবর্ষণ এখনও চলমান রয়েছে।”

স্থানীয় বেসরকারি গোষ্ঠী এল ফাশেরের প্রতিরোধ কমিটি এক যৌথ বিবৃতিতে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

বুধবারের গোলাবর্ষণ সম্পর্কে এক প্রত্যক্ষদর্শী জানান, গত ১০ মে থেকে এল ফাশেরে আরএসএফ বাহিনী অবরোধ শুরু করার পর এটি ছিল সবচেয়ে সহিংস হামলা। তিনি বলেন, “শরণার্থীসমৃদ্ধ জমজম শিবিরের মাঝখানে অন্তত ছয়টি গোলা পড়েছে, এবং চারটি গোলা এল ফাশেরের দক্ষিণে পশুর বাজারে পড়েছে।”

২০২৩ সালের এপ্রিল মাসের মাঝামাঝি থেকে সুদানের সশস্ত্র বাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে, যা এ পর্যন্ত ২৭ হাজারের বেশি মানুষের মৃত্যু এবং ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে, এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো।