রাজবাড়ীতে আগুনে পুড়ে ছাই ১২ দোকান

অনলাইন ডেস্ক:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে গত শুক্রবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ঘটনাটি ঘটে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে, যখন শ্যামল কুমারের মুদি দোকান থেকে আগুন লেগে দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত মুদি দোকানি আবুল কালাম আজাদ বলেন, “আগুনে আমার সব শেষ হয়ে গেছে। গোডাউনে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ছিল, কিন্তু ২০ লাখ টাকার মতো মালামাল উদ্ধার করতে পেরেছি। প্রায় এক লাখ টাকার নগদসহ অন্যান্য মালামালও পুড়ে গেছে। এখন ১৫ লাখ টাকার ব্যাংক লোন পরিশোধ কীভাবে করবো, জানি না।”

এছাড়া, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল আশরাফুল হোসেন লুলুর গার্মেন্টস কাপড়ের দোকান, তারেক বিশ্বাসের খাবার হোটেল, আফজাল হোসেনের আলুর আড়ত, মো. সাইদুল মোল্লার কাঁচা তরকারির আড়ত, মজিদ ম-লের মুদিখানা, হারেজের কাঁচামালের আড়ত, কালুর মাছের আড়ত, সেলিম বিশ্বাসের সাইকেল পার্টসের দোকান, সুশান্ত শিকদারের খাবার হোটেল, পলাশ শেখের কাঁচামালের আড়তসহ আরও অনেক দোকান।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ সৈয়দ শরাফত আলী তুহিন জানান, “ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।”