১১ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে সরকার

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সরকার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের জন্য ১১ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার সোমবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

ফরিদা আখতার জানান, ২০১২ সাল থেকে ইলিশ রপ্তানি বন্ধ ছিল। তবে বর্তমান সরকার দেশের মানুষের জন্য ইলিশ সরবরাহ বৃদ্ধি এবং দাম নিয়ন্ত্রণে রাখার জন্য কাজ করছে। ২০২৩-২৪ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ৫.৩০ লাখ মেট্রিক টন। প্রবাসীদের জন্য সীমিত পরিসরে ইলিশ রপ্তানি করার পরিকল্পনা নেওয়া হয়েছে, বিশেষ করে যারা বিদেশে কাজ করে রেমিটেন্স পাঠাচ্ছেন, তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে ইলিশ রপ্তানি করা হবে এবং আগস্ট, সেপ্টেম্বর মাসে এই রপ্তানি কার্যক্রম শুরু হবে। পরে অন্যান্য দেশে রপ্তানি করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, সৌদি আরবে প্রায় ৪৪ লাখ এবং সংযুক্ত আরব আমিরাতে প্রায় ২২ লাখ বাংলাদেশি প্রবাসী কর্মজীবী রয়েছেন।