ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক ও দম্পতি নিহত

জেলা প্রতিনিধি:

ধামরাইয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক দম্পতিসহ ৩ জন নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দুর্ঘটনাটি রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি ও বালিথা এলাকায় ঘটে। নিহতদের মধ্যে টাঙ্গাইলের বাসিন্দা বাবুল হোসেন (৩২) ও তার স্ত্রী শারমিন (২৮) এবং মানিকগঞ্জের সুভাষ লৌহকার (৭৫) রয়েছেন।

পুলিশের তথ্যমতে, রবিবার রাত ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বাবুল ও শারমিন। বাথুলি এলাকায় পৌঁছালে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। নিহত দম্পতি স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

অন্যদিকে, একইরাতে বাথুলি এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় সুভাষ লৌহকার নিহত হন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ওসি রূপল চন্দ্র দাস বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”