নিজস্ব প্রতিবেদক:
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, পেট্রোল বা সিএনজিচালিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায়ের বিরুদ্ধে শিগগিরই নতুন নির্দেশনা জারি করা হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) মামলার জন্য নির্দেশনা দিয়েছিল, কিন্তু ৬ দিনের মাথায় তা স্থগিত করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং শিগগিরই নতুন নির্দেশনা দেওয়া হবে।
উপদেষ্টা আরও বলেন, থ্রি হুইলার যানবাহন প্রধান সড়কে চলবে না, তবে অন্য সড়কে চলতে পারবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এই বিষয়ে একটি নীতিমালা তৈরি করছে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “মিটার নিয়ে যাত্রী ও চালকদের মধ্যে বিভিন্ন সমস্যা রয়েছে, যেমন মিটার ঠিকভাবে কাজ না করা, পুরনো সিএনজি কিনতে অনেক টাকা খরচ হয়, এসব কারণে এটি আপাতত স্থগিত করা হয়েছে।” তিনি আরও জানান, সিএনজি চালকরা মিটার খুলে ফেললেও, এটি আইনগতভাবে পরিবর্তন হয়নি এবং আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এছাড়া, সড়ক দুর্ঘটনা কমানোর বিষয়ে উপদেষ্টা বলেন, “প্রতিদিন বা মাসে কয়েকশো মৃত্যু সংবাদে প্রকাশ পায়, যা আমাকে খুব ব্যাথিত করে। সড়ক দুর্ঘটনা কমানো আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হবে,” বলে তিনি মন্তব্য করেন।











