ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত বিদ্যুৎকেন্দ্রে দুঃসাহসিক লুটপাট, দেখার কেউ নেই

জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের পাশে অবস্থিত পরিত্যক্ত ডিজেল বিদ্যুৎ কেন্দ্র ও বেসরকারি আর জেড পাওয়ার লিমিটেডের স্থাপনায় চলছে অবাধ লুটপাট। সরকারি সম্পত্তি দিনের বেলাতেই চুরি হয়ে গেলেও নেই কোনো নজরদারি বা প্রতিরোধের ব্যবস্থা।

এক সময়কার উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ বিদ্যুৎকেন্দ্রটি প্রায় এক যুগ আগে যন্ত্রাংশ সংকট ও জ্বালানি অভাবে বন্ধ হয়ে যায়। এরপর নিলামের নামে কম দামে বিক্রি হয়ে যায় ৭টি জেনারেটর, ৪টি ট্রান্সফরমারসহ মূল্যবান যন্ত্রাংশ। বিদ্যুৎ কেন্দ্রের সম্পদ হস্তান্তর করা হয় নেসকো লিমিটেডের কাছে, আর বেসরকারি প্রতিষ্ঠান আর জেড পাওয়ার লিমিটেড তাদের প্রয়োজনীয় যন্ত্রাংশ সরিয়ে নেয়।

এরপর থেকেই শুরু হয় চুরি ও লুটপাটের মহোৎসব। স্থানীয় ভাসমান বস্তিবাসীদের একটি চক্র প্রকাশ্যে গাছ কেটে নেওয়া, মাটি খুঁড়ে মূল্যবান ক্যাবল তুলে নেওয়া, টিন ও দরজা-জানালা খুলে বিক্রি করা, এমনকি স্থাপনার ইট পর্যন্ত তুলে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি চক্রটি নিরাপত্তা দেয়ালও ভেঙে নিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

বাশের বস্তির বাসিন্দা মিন্টু বলেন, “এখানকার সবাই তো চুরির সঙ্গে জড়িত নয়, মাত্র দু-তিনজন এসব করছে। পুলিশ বা বিদ্যুৎ বিভাগের কেউ কিছু না বলায় এখন তারা দিনের বেলাতেই ইট খুলে বিক্রি করছে। আমরা ভয়ে কিছু বলতে পারি না।”

স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর থেকেই এলাকায় মাদকের কেনাবেচা ও সেবন চলে, যা পুরো পরিবেশকে আরও ভয়ংকর করে তুলেছে। চুরি-লুটপাট বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ঠাকুরগাঁও বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, “সেখানে আনসার পাহারাদার থাকার কথা। তবে সবসময় সবকিছু দেখা সম্ভব নয়।”

সরকারি গুরুত্বপূর্ণ সম্পদের এমন অবহেলা ও দুঃসাহসিক লুটপাটের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।