তিস্তার পানির ন্যায্য হিস্যা ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক:

তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় এবং মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের তিস্তা সড়ক সেতু থেকে এই কর্মসূচি শুরু হয়।

‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’র প্রধান সমন্বয়কারী ও বিএনপি’র রংপুর বিভাগীয় তিস্তা বাচানোর পদযাত্রার সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে হাজারো লোক অংশ নেয়। স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন এলাকার জনগণ ব্যানার ও ফেস্টুন নিয়ে আন্দোলনে অংশ নেন এবং “তিস্তা নদী বাঁচাও”, “তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন কর”, “তিস্তার পানি চাই” স্লোগান দেয়।

এদিন রংপুরের পীরগাছা উপজেলার তাম্বলপুর থেকে ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মাহিম হাসান বলেন, “বৃহত্তর রংপুরের কৃষি অর্থনীতি তিস্তার পানির ওপর নির্ভরশীল। যখন পানির প্রয়োজন হয়, তখন ভারত পানি দেয় না এবং যখন প্রয়োজন নেই, তখন পানি ছেড়ে দিয়ে ফসল নষ্ট করে।”

পদযাত্রা কাউনিয়া উপজেলায় গিয়ে পৌঁছালে সেখানে আরও অনেকে যোগ দেন। এই কর্মসূচি রংপুর সেতু পর্যন্ত শেষ হয়।

এদিকে, গতকাল সোমবার থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টার কর্মসূচির অংশ হিসেবে তিস্তা নদীর পাঁচটি জেলা ও ১১টি স্থানে অবস্থান কর্মসূচি পালন করা হয়। বিএনপি নেতা-কর্মী এবং নদীপারের হাজারো বাসিন্দা এতে অংশ নেন। কর্মসূচিতে বিএনপি’র কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকার কথা জানিয়েছিলেন।

গণপদযাত্রা শেষে তিস্তা নদীতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন এবং সংগীত পরিবেশন করা হবে। বিকেল পাঁচটায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি কর্মসূচিতে যুক্ত হয়ে বক্তব্য দেবেন।

গঙ্গাছড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদীও একটি গণপদযাত্রার নেতৃত্ব দেন। তিনি বলেন, “তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরের কৃষকদের জীবনমান পাল্টে যাবে।”