নিজস্ব প্রতিবেদক :
টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলীগ জামায়াতের অভ্যন্তরীণ বিরোধের জেরে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে সংঘর্ষে দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
মাওলানা সাদ কান্দলভির অনুসারী নিজামুদ্দিন পক্ষের সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানিয়েছেন, পাঁচ দিনের জোড় ইজতেমায় অংশ নিতে ময়দানে প্রবেশের সময় প্রতিপক্ষের হামলায় বগুড়ার তাবলীগ সদস্য তাইজুল ইসলাম নিহত হন এবং অনেকেই আহত হন।
অন্যদিকে, মাওলানা জুবায়েরপন্থি শুরায়ে নেজামের পক্ষের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, ভোররাতে ইজতেমার প্রস্তুতির কাজে পাহারায় থাকা ঘুমন্ত তাবলীগ সাথীদের উপর হামলা চালানো হয়। এতে কিশোরগঞ্জ জেলার আমিনুল ইসলাম বাচ্চু নামে একজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।
তাবলীগ জামায়াতের দুই পক্ষের মধ্যে ইজতেমাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা মতবিরোধ সংঘর্ষে রূপ নেয়। ইজতেমা ময়দানে এ ঘটনায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।











