জেলা প্রতিনিধি :
বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচি তৃতীয় দিনের মতো চলমান। এর ফলে কলেজ ক্যাম্পাসে অচলাবস্থা বিরাজ করছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে, কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা কলেজের সামনে বান্দ রোডে বিক্ষোভ ও মানববন্ধন করেন। এর আগে, গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) শিক্ষক সংকট দূর করার দাবিতে তারা এই শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন।
শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে কলেজের প্রশাসনিক ও ছাত্র শাখার কার্যক্রম বন্ধ রয়েছে। কলেজের প্রধান দুটি গেটও তালাবদ্ধ রয়েছে, এবং সেখানে ‘শাটডাউন’ লেখা ব্যানার টানানো হয়েছে।
কলেজের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে এলেও নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক কার্যক্রমেও অংশ নেওয়া সম্ভব হয়নি, যার ফলে কলেজের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থীরা জানিয়েছে, কলেজে চলমান শিক্ষক সংকট নিরসনে তাদের দাবি মেনে না নেওয়া অবধি আন্দোলন চলবে। তবে কলেজ প্রশাসন জানিয়েছে, বিষয়টি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরকে জানানো হয়েছে এবং শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।
কলেজের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, কলেজে ৩৩৪টি শিক্ষক পদে ১৪৬ জন শিক্ষক কর্মরত আছেন, বাকি ১৮৮টি পদ শূন্য রয়েছে। শিক্ষক সংকটের কারণে কিছু বিভাগে শিক্ষা কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত ঘটছে, এবং শিক্ষার্থীরা মানসম্মত ক্লাস ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন।
কলেজের অধ্যক্ষ ফয়জুল বাশার জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক এবং মন্ত্রণালয়ের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। দ্রুতই সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদী।











