জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে এক পৈশাচিক ঘটনায় ১৫ বছরের একটি কিশোরীকে ৬ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অপরাধে মায়া বেগম নামের এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বুধবার (১৯ ফেব্রুয়ারি) তাকে জেলহাজতে পাঠিয়েছে।
গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কিশামত নাখেন্দা গ্রামে এই ঘটনা ঘটে। নির্যাতিত কিশোরী ঘড়িয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে গাছের সঙ্গে বেঁধে রাখা কিশোরীর একটি ভিডিও ছড়িয়ে পড়লে, পুলিশ বিকাল ৩টার দিকে তাকে উদ্ধার করে।
এলাকার লোকজন জানান, কিশোরীর ছোট বোন হৃদরোগে আক্রান্ত। তার দাদি নাতনির চিকিৎসার জন্য কিশোরীর বাবাকে একটি গরু দান করেন। এর পর, কিশোরীর দূরসম্পর্কের দাদা সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের তার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ তোলেন এবং চৌকিদার পাঠিয়ে হুমকি দেন। প্রতিবাদ করার কারণে কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়।
স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশিদ জানিয়েছেন, কিশোরী তার দাদিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে গুরুতর আহত করেন, যার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে, এলাকায় অন্যান্য নারীরা কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে রাখেন।
এই ঘটনায় কিশোরীর বাবা রাজারহাট থানায় মামলা দায়ের করেন এবং পুলিশ অভিযুক্ত মায়া বেগমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়।











