জেলা প্রতিনিধি :
খুলনার রূপসা নদীতে হাবিব ফ্রোজেন ফুডস কোম্পানির ১৩ জন কর্মীসহ একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রূপসা ঘাটের দিকে যাওয়ার সময় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে কোস্ট গার্ডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করেন।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মাহবুব হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই বিসিজি স্টেশন রূপসা থেকে সাত সদস্যের একটি উদ্ধারকারী দল রেসকিউ বোট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করে বিসিজি স্টেশন রূপসায় নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, বর্তমানে উদ্ধার হওয়া যাত্রীরা সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ রয়েছেন।











