জেলা প্রতিনিধি :
চট্টগ্রামের সাতকানিয়ার ছনখোলা এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী তাদের আটক করে মারধর করে। এ সময় ডাকাত দলের ছোড়া গুলিতে পাঁচজন গ্রামবাসী আহত হন।
সোমবার (৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, সম্প্রতি চাঁদাবাজ নেজাম গ্রুপের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওঠে। সোমবার রাতে নেজাম আরও কয়েকজনকে নিয়ে ছনখোলা এলাকায় গেলে, তারাবির নামাজ শেষে বের হওয়া মুসল্লিরা তাদের দেখে সন্দেহ করে। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বলা হয়, এলাকায় ডাকাত ঢুকেছে।
ঘোষণা শুনে গ্রামবাসী জড়ো হলে নেজাম বাহিনীর সদস্যরা গুলি চালায়, এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে ক্ষুব্ধ জনতা নেজাম ও তার সহযোগী ছালেককে ধরে গণপিটুনি দিলে তারা ঘটনাস্থলেই মারা যান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “এলাকাবাসীর গণপিটুনিতে দুজন মারা গেছেন। গুলিবিদ্ধ কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”
তিনি আরও জানান, নিহতদের লাশ থানায় নেওয়া হয়েছে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। আহতদের মধ্যে চারজন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।










