জেলা প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের সকল সেক্টরে ক্ষমতা ও নিয়োগের ক্ষেত্রে ঢাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য বিরোধী এক প্রতিবাদে রেলপথ অবরোধ করেছে। বুধবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে একদল শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করেন।
এসময় শিক্ষার্থীরা “ঢাকা না রংপুর, রংপুর, রংপুর; ঢাকা না কুমিল্লা, কুমিল্লা, কুমিল্লা; ঢাকা না রাজশাহী, রাজশাহী, রাজশাহী; ঢাবি না রাবি, রাবি, রাবি” স্লোগান দেন। তারা দাবি করেন, ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগে ঢাকার আধিপত্য বন্ধ করতে হবে এবং সারাদেশে নিয়োগের সমতা নিশ্চিত করতে হবে।
সালাউদ্দিন আম্মার বলেন, “আমরা এ আধিপত্য মানিনা। পিএসসি থেকে শুরু করে ইউজিসি পর্যন্ত সবকিছুর পুনর্গঠন চাই।” রেল বিভাগ জানায়, অবরোধের ফলে দুপুর দুইটার আগে রাজশাহী থেকে কোন ট্রেন চলাচল করবে না। তবে, অবরোধ শেষ হলে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।











