নৌযানে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: নৌপরিবহন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

নৌযানে নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া যাবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। অতিরিক্ত ভাড়া আদায় করলে শুধু জরিমানা নয়, সংশ্লিষ্ট লঞ্চের রুট পারমিটও বাতিল করা হবে বলে তিনি জানিয়েছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) সচিবালয়ে পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে সব স্টেকহোল্ডারের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে এসব নির্দেশনা দেন উপদেষ্টা।

তিনি বলেন, যাত্রীদের সুবিধার্থে নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ্যে ঝুলিয়ে রাখতে হবে। কোনো লঞ্চ নির্ধারিত সিরিয়ালের বাইরে ছেড়ে যেতে পারবে না এবং অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। সদরঘাটসহ যেকোনো রাস্তায় যাত্রী ওঠানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকবে। এসব নিয়ম তদারকির দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী ও নৌবাহিনী পালন করবে। তবে অপ্রয়োজনে লঞ্চে চেক করে যাত্রীদের সময় নষ্ট করা হবে না।

নৌযানের নিরাপত্তা নিয়ে আরও কঠোর নির্দেশনা দিয়ে উপদেষ্টা বলেন, ফিটনেস সনদ ছাড়া কোনো লঞ্চ চলতে পারবে না এবং নির্ধারিত গতিসীমার বেশি চালানো যাবে না। সদরঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা পরিষ্কার রাখা হবে। প্রয়োজন হলে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা যানবাহন সরাতে রেকার ব্যবহার করা হবে।

সভায় জানানো হয়, এসব সিদ্ধান্ত ১৫ রমজান থেকে কার্যকর হবে। ওই সময় থেকে রাতে স্পিডবোট চলাচল বন্ধ থাকবে এবং ঈদের পাঁচ দিন আগে ও পরের পাঁচ দিন বাল্কহেড (বালুবাহী নৌযান) চলাচলও নিষিদ্ধ থাকবে।

এছাড়া ফেরিতে বাস সরাসরি উঠতে পারবে না। যাত্রীদের বাস থেকে নামিয়ে ফেরিতে উঠতে হবে এবং ফেরি পার হওয়ার পর বাসে পুনরায় উঠতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।