Tuesday, May 26, 2026
22 C
Dhaka
Tuesday, May 26, 2026

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ৭ আসামির শুনানি পেছালো

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২৭ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. আবু তাহের এই দিন ধার্য করেন।

এদিন খালেদা জিয়া ও ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ছিল। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দেন এবং খালেদা জিয়া ও ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেন। শুনানি শেষ না হওয়ায় বিচারক নতুন দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন ও হান্নান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার ১৩ আসামির মধ্যে ইতোমধ্যে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হয়েছে। এছাড়া, আরও চার আসামি— ব্যারিস্টার আমিনুল হক, সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন এবং সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম মারা গেছেন।

বর্তমানে মামলার আসামির সংখ্যা ৭ জন। তারা হলেন— বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক জ্বালানি সচিব নজরুল ইসলাম এবং পেট্রো বাংলার সাবেক পরিচালক মুঈনুল আহসান।

এক মাসের মধ্যে সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ করার নির্দেশ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ আট কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত একসঙ্গে তাদের কারাগারে রাখারও নির্দেশ দিয়েছে।

বুধবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন। পরবর্তী শুনানি আগামী ১৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

এ আট কর্মকর্তা হলেন— সাবেক পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসি’র সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল কাফি, মিরপুরের সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুর ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক এবং ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।

এ মামলার গতিপ্রকৃতিতে, ২৭ অক্টোবর, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাদের হাজির হওয়ার আদেশ দিয়েছিলেন। একই দিন সাবেক ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ২০ নভেম্বর তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

এছাড়া, গত ১৯ নভেম্বর ট্রাইব্যুনাল আরও ১৩ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন, যারা জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত। এ বিষয়ে ১২৫টি অভিযোগ প্রসিকিউশনের দপ্তরে জমা পড়েছে, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছেও অভিযোগ জমা পড়ছে।

বুধবার সকালে পৃথক প্রিজনভ্যানে তাদের আদালতে হাজির করা হয়।

সিরাজগঞ্জে পেঁয়াজ-রসুন বীজের সংকটে দিশেহারা কৃষক, চাষাবাদ লক্ষ্যমাত্রা নিয়ে শঙ্কা

জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জে মৌসুমি পেঁয়াজ ও রসুন চাষাবাদের মৌসুম শুরু হলেও বীজ সংকট ও মূল্যবৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। জেলার বিভিন্ন হাট-বাজারে হাইব্রিড পেঁয়াজ ও রসুনের বীজের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় অনেকেই চাষাবাদ পরিকল্পনা নিয়ে হতাশার মুখে পড়ছেন।

জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সিরাজগঞ্জের ৯টি উপজেলায় প্রায় ২ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ ও রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ১ হাজার ৮৫ হেক্টর জমিতে পেঁয়াজ এবং ৯০০ হেক্টরে রসুন চাষের পরিকল্পনা রয়েছে। তবে বীজ সংকট ও উচ্চমূল্যের কারণে এই লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বীজের দাম ও সংকট

বর্তমানে হাট-বাজারে পেঁয়াজের হাইব্রিড বীজ প্রতি কেজি সাড়ে ৪ থেকে সাড়ে ৫ হাজার টাকা এবং রসুনের বীজ ৩৪০ থেকে ৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। অনেক কৃষক অভিযোগ করছেন, এ সংকট মূলত অসৎ ব্যবসায়ীদের কারসাজির ফল।

তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, এবং শাহজাদপুরসহ চলনবিল ও যমুনার তীরবর্তী চরাঞ্চলগুলিতে পেঁয়াজ ও রসুন চাষে স্থানীয় কৃষকেরা সর্বাধিক সক্রিয়। তবে বীজের উঁচু দামে চাষাবাদের খরচ বৃদ্ধি পাওয়ায় অনেকেই শঙ্কিত। কৃষকদের দাবি, এক বিঘা জমিতে পেঁয়াজ চাষে প্রায় ৫৬ হাজার এবং রসুন চাষে প্রায় ৩০ হাজার টাকা খরচ হচ্ছে।

সিরাজগঞ্জ জেলা কৃষি বিভাগের উপপরিচালক আ. জা. মুহাম্মদ আহসান শহিদ সরকার বলেন, “ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে। তবে বীজ সংকটের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।” তিনি আরও বলেন, সঠিক চাষাবাদের পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে কৃষকদের বাম্পার ফলন নিশ্চিত করতে কৃষি বিভাগ কাজ করছে।

তবে কৃষকরা মনে করছেন, ভরা মৌসুমে এমন সংকট চাষাবাদে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যদি এ পরিস্থিতি সমাধান না হয়, তাহলে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা দেখা দিতে পারে, যা স্থানীয় ও জাতীয় বাজারে পেঁয়াজ-রসুনের সরবরাহ ও মূল্যে প্রভাব ফেলবে।

সিলেট সীমান্তে ৭০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

জেলা প্রতিনিধি:

সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৭০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে পরিচালিত অভিযানে বাংলাদেশি রসুন, সুপারি, ভারতীয় মোটরসাইকেল এবং পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য অবৈধ পণ্য আটক করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৩ হাজার ৯০০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে অভিযান পরিচালনা করছে।”

তিনি আরও জানান, জব্দকৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত এলাকায় বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

ভারতে দুই রাজ্যের নির্বাচন: মোদির জনপ্রিয়তার বড় পরীক্ষা

অনলাইন ডেস্ক :

ভারতের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দুটি রাজ্য মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (২০ নভেম্বর) লাখ লাখ ভোটার তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দিচ্ছেন। এই নির্বাচনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি এবং এর আঞ্চলিক জোটের জনপ্রিয়তা যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

মহারাষ্ট্র, যা ভারতের সবচেয়ে ধনী রাজ্য এবং বাণিজ্যিক কেন্দ্র মুম্বাইয়ের অবস্থান, বর্তমানে বিজেপি ও একটি হিন্দু জাতীয়তাবাদী জোটের শাসনে রয়েছে। অন্যদিকে, খনিজসমৃদ্ধ ঝাড়খণ্ড রাজ্যটি শাসন করছে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট।

নির্বাচনের আগে দুই রাজ্যে ব্যাপক জনসভা করেছেন প্রধানমন্ত্রী মোদি। চার মাস আগে জাতীয় নির্বাচনে বিজেপি সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে আঞ্চলিক জোটের সহায়তায় তৃতীয় মেয়াদের সরকার গঠন করে। এই প্রেক্ষাপটে বিধানসভা নির্বাচনকে তার জনপ্রিয় নেতৃত্বের বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনের আগে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একটি পোস্টে মোদি বলেন, “আমি তরুণ এবং নারী ভোটারদের আহ্বান জানাচ্ছি যেন তারা বিপুল সংখ্যায় ভোট দেন।”

রাজনৈতিক বিশ্লেষক এবং মোদীর জীবনী লেখক নীলাঞ্জন মুখোপাধ্যায় বলেন, “এই নির্বাচন মোদীর নেতৃত্বের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এখানে কোনো নেতিবাচক পরিবর্তন হলে তা আগামী বছর দিল্লি ও বিহারের মতো রাজ্যগুলোর নির্বাচনে বিজেপির অবস্থানকে দুর্বল করতে পারে।”

গত অক্টোবরে হরিয়ানার রাজ্য নির্বাচনে আশ্চর্যজনক জয়ের পর বিজেপি কিছুটা মনোবল ফিরে পেলেও মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের ফলাফল দলটির ভবিষ্যতের কৌশল নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই রাজ্যের ভোট গণনা শনিবার অনুষ্ঠিত হবে।

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের চার দিন পর পুকুর থেকে আদিবাসী শিশুর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় নিখোঁজের চারদিন পর ৫ বছর বয়সী এক আদিবাসী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের একটি পুকুর থেকে নেপাল টপ্পো নামে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

নেপাল টপ্পো শেখপুরা গ্রামের দুলাল টপ্পোর ছেলে। পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর শিশুটি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন (১৭ নভেম্বর) গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বুধবার সকালে গ্রামের একটি পুকুরে নেপালের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাসার বলেন, “শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নেপাল টপ্পো পানিতে ডুবে মারা গেছে, নাকি এটি হত্যাকাণ্ড, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

এ ঘটনায় থানায় আপাতত একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান তিনি।

নৌপথে পরিবহন নিয়ন্ত্রণে নতুন নীতিমালার বিরোধিতা তুঙ্গে

নিজস্ব প্রতিবেদক:

দেশের অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহন নিয়ে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। ভাড়া নির্ধারণের পদ্ধতি নিয়ে জাহাজ মালিকদের দুই পক্ষ এখন পরস্পরের বিপরীত অবস্থানে রয়েছে। একপক্ষ চায় আগের মতো সিরিয়াল পদ্ধতি পুনঃপ্রবর্তন করতে, যেখানে একটি নির্দিষ্ট সংস্থা জাহাজ বরাদ্দের নিয়ন্ত্রণ করবে। অন্যদিকে, দ্বিতীয় পক্ষের দাবি, ব্যবসায়ীরা প্রতিযোগিতামূলক দরকষাকষির ভিত্তিতে উন্মুক্ত পদ্ধতিতে নিজেরাই ভাড়া নির্ধারণ করবে।

সূত্র জানায়, প্রতিবছর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রায় ১০ কোটি টন পণ্য হ্যান্ডলিং করা হয়। মাদার ভেসেল থেকে লাইটার জাহাজে পণ্য স্থানান্তর করে তা অভ্যন্তরীণ নৌপথে সারা দেশে পরিবহন করা হয়। আগে এই কার্যক্রম নিয়ন্ত্রণ করতো ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি)। কিন্তু দুই দশকেরও বেশি সময় ধরে সক্রিয় এই সংস্থাটি ভেঙে যাওয়ার পর উন্মুক্ত পদ্ধতিতে ভাড়া নির্ধারণের কারণে পরিবহন খরচ ২০ শতাংশেরও বেশি কমে গেছে।

সম্প্রতি, ১৫ অক্টোবর নৌ-পরিবহন অধিদপ্তরের প্রণীত নতুন নীতিমালা নিয়ে বিতর্ক শুরু হয়। এতে লাইটার জাহাজের সিরিয়ালভিত্তিক বরাদ্দ এবং ভাড়া নির্ধারণের একক নিয়ন্ত্রণ বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল (বিডব্লিউটিসিসি)-কে দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীদের ওপর নিয়ন্ত্রণ আরোপ এবং প্রতিযোগিতামূলক পরিবহন ভাড়া নির্ধারণের সুযোগ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিভিন্ন আমদানিকারক ব্যবসায়ী এবং জাহাজ মালিকরা এই নীতিমালার বিরোধিতা করেছেন। তাদের মতে, প্রতিযোগিতামূলক ভাড়া থেকে বঞ্চিত হলে পণ্য পরিবহন ব্যয় বেড়ে যাবে। এ সিদ্ধান্তকে পুরনো সিন্ডিকেশন পুনঃপ্রবর্তনের চেষ্টা বলে অভিহিত করছেন ব্যবসায়ীরা।

অন্যদিকে, সিরিয়াল পদ্ধতি পুনঃপ্রবর্তনের পক্ষে শ্রমিকদের একটি অংশ চট্টগ্রামে সমাবেশ করেছে। তাদের দাবি, পূর্বের পদ্ধতিতে ফিরে গেলে শ্রমিকদের কর্মসংস্থান ও আয় নিশ্চিত হবে।

জাহাজ মালিকদের একটি সংগঠন, ইনল্যান্ড ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন অব চিটাগাং (আইভোয়াক), উন্মুক্ত পদ্ধতির পক্ষে অবস্থান নিয়েছে। তাদের মুখপাত্র পারভেজ আহমেদ বলেন, আমদানিকারক এবং ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে ভাড়া নির্ধারণ হওয়াই যৌক্তিক। পূর্বের ডব্লিউটিসি ব্যবস্থা দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতায় নিমজ্জিত ছিল।

বছরে কয়েক কোটি টন পণ্য পরিবহনের দায়িত্বে থাকা প্রায় ১,৮০০ লাইটার জাহাজের মালিক এবং ব্যবসায়ীরা নীতিমালার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই পরিস্থিতিতে নৌ-পরিবহন খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বরখাস্ত ৪ কর্মকর্তা, ক্লাস-পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা রাচির মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় নিহত হওয়ার এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ডেপুটি রেজিস্ট্রারসহ চারজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে।

বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান জানান, সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহমান বাবুল, নিরাপত্তা কর্মকর্তা রাসেল মিয়া, সহকারী সুপারভাইজার আব্দুস সালাম এবং ডিউটি গার্ড মনসুর রহমান প্রামাণিক।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন শোক দিবস ঘোষণা করে একদিনের জন্য সব ক্লাস ও পরীক্ষার কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেওয়া হয় এবং ক্যাম্পাসের সব রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়।

শিক্ষার্থীর মৃত্যুতে বিচারের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেখানে দায়ীদের দ্রুত বহিষ্কারের দাবি জানানো হয়। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রশাসন অভিযুক্তদের সাময়িক বরখাস্তের ঘোষণা দিলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং যানবাহনের নিয়ন্ত্রণ আরও কঠোর করার দাবি উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলেও শিক্ষার্থীদের মাঝে এখনো ক্ষোভ বিরাজ করছে।

‘গ্লাডিয়েটর ২’ বক্স অফিসে রেকর্ড গড়ে যাত্রা শুরু করল

অনলাইন ডেস্ক :

দুই দশক পর রিডলি স্কট ফিরিয়ে এনেছেন গ্লাডিয়েটরের গল্প। ‘গ্লাডিয়েটর’ সিনেমার সাফল্যের ধারাবাহিকতায় এবার মুক্তি পেয়েছে ‘গ্লাডিয়েটর ২’, যা প্রথম দিনেই বক্স অফিসে রেকর্ড আয় করেছে।

গত শুক্রবার বিশ্বের ৬৩টি দেশে মুক্তি পাওয়া এই সিনেমাটি মাত্র একদিনে ৮৭ মিলিয়ন ডলার আয় করেছে, যা প্যারামাউন্ট পিকচার্সের জন্য একটি আর-রেটেড সিনেমার সবচেয়ে বড় আন্তর্জাতিক ওপেনিং। এমনকি এটি রিডলি স্কটের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে।

‘গ্লাডিয়েটর ২’ এর গল্প এগিয়েছে রাসেল ক্রোর অভিনীত ম্যাক্সিমাস চরিত্রের মৃত্যুর ২০ বছর পর। এবার ফোকাস লুসিয়াস ভারাসের ওপর, যিনি ম্যাক্সিমাসের ছেলে। রোমান সাম্রাজ্যের হাতে নিজের বাড়ি ধ্বংস হওয়ার পর প্রতিশোধ নিতে গ্লাডিয়েটর হয়ে ওঠেন লুসিয়াস। রাজকীয় পরিচয় লুকিয়ে তিনি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হন।

সিনেমাটিতে লুসিয়াসের চরিত্রে অভিনয় করেছেন পল মেসকাল, রোমান সেনাপতি আকাসিয়াস হিসেবে আছেন পেদ্রো পাসক্যাল। লুসিয়াসের মায়ের চরিত্রে অভিনয় করেছেন কনি নীলসেন। আরও দেখা যাবে ডেনজেল ওয়াশিংটন, ফ্রেড হেচিঙ্গার, এবং জোসেফ কুইন-এর মতো তারকাদের।

ডিজিটাল স্পাই-এর রিভিউ অনুযায়ী, পল মেসকাল চমৎকার অভিনয় করলেও তার উপস্থিতি ম্যাক্সিমাসের মতো শক্তিশালী হয়ে উঠেনি। এছাড়া সিনেমায় এমন কোনো দৃশ্য বা সংলাপ নেই যা প্রথম সিনেমার বিখ্যাত সংলাপ, “আমার নাম ম্যাক্সিমাস ডেকিমাস মেরিডিয়াস”-এর মতো স্মরণীয় হতে পারে।

রটেন টমেটোতে সিনেমাটি ৭৫% ক্রিটিক স্কোর অর্জন করেছে, যা প্রথম সিনেমার স্কোর থেকে ৪% কম। তবে বক্স অফিসে এর সাফল্য দর্শকদের মধ্যে উত্তেজনা ধরে রেখেছে।

বাংলাদেশেও সিনেমাটি দেখা যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। ২২ নভেম্বর এটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে।

কোনো ব্যাংক বন্ধ করা হবে না: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

সমস্যা থাকলেও কোনো ব্যাংক বন্ধ করা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘কিছু ব্যাংক ঘুরে দাঁড়াচ্ছে। ইসলামী ব্যাংকও উন্নতির দিকে রয়েছে। কিছু ব্যাংকে এখনও সমস্যা আছে, তবে আমরা কোনো ব্যাংক বন্ধ করব না।’

সচিবালয়ে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, চ্যালেঞ্জ সত্ত্বেও ব্যাংকিং খাতকে স্থিতিশীল রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

আর্থিক ব্যবস্থাপনার দিকে জোর দিয়ে তিনি বলেন, সরকারি ব্যয় কমাতে পদক্ষেপ নেয়া হচ্ছে।

‘সরকারি কর্মকর্তাদের বেতন ও ভাতা এতে প্রভাবিত হবে না’ বলেও আশ্বাস দেন তিনি।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, অপ্রয়োজনীয় বা রাজনৈতিক বিবেচনায় নেয়া প্রকল্পগুলো পুনর্মূল্যায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

শাহরুখের কিং সিনেমায় দেখা যাবে রণবীরকে!

0
অনলাইন ডেস্ক: বলিউডে এখন নতুন গুঞ্জন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কিং’ এ বিশেষ ভূমিকায় দেখা যেতে পারে রণবীর সিংকে। যদিও...