Wednesday, September 30, 2026
27 C
Dhaka
Wednesday, September 30, 2026

তাহসান ও রোজার রোম্যান্টিক মালদ্বীপ যাত্রা

অনলাইন ডেস্ক:

নতুন বছরের প্রথম মাসেই আলোচনায় রয়েছেন গায়ক ও অভিনেতা তাহসান খান। সম্প্রতি জানা গেছে, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর তাহসান আবার বিয়ে করেছেন। তাহসানের নবীন স্ত্রীর নাম রোজা আহমেদ, যিনি একজন সফল ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। তাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন।

রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ শিল্পে খ্যাতি অর্জন করেছেন এবং বহু নারীকে মেকআপ শেখানোর পাশাপাশি উদ্যোক্তা হওয়ার পথে সহায়তা করেছেন।

এদিকে, তাহসান ও রোজা বর্তমানে মালদ্বীপে তাদের মধুচন্দ্রিমা উপভোগ করছেন। যদিও তাহসান তার হানিমুনের ছবি শেয়ার না করলেও, রোজা নিজের ফেসবুক পেজে তাদের সময় কাটানোর কিছু দারুণ ছবি ও ভিডিও পোস্ট করেছেন। ছবিগুলিতে তাদের চোখে-মুখে দৃশ্যমান রোম্যান্টিক আবহ, এবং তারা একে অপরের সঙ্গে উপভোগ করছেন এ মুহূর্তগুলো।

মালদ্বীপের নীলচে পানির সৈকতে দাঁড়িয়ে রোজা যখন তাহসানের দিকে হাত বাড়িয়ে তাকিয়েছেন, তখন তাহসান তার স্ত্রীকে ক্যামেরাবন্দি করেছেন। রোজার লাল গাউনের সঙ্গে মিলিয়ে তাহসানও পরেছিলেন লাল শার্ট। ছবির ক্যাপশনে রোজা লিখেছেন, “জীবনের শিল্পে আমাদের সুতো চিরকাল জড়িয়ে আছে, এই ভালোবাসা যেমন শক্তিশালী, তেমন ঐশ^রিক।”

নবদম্পতিকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানানো হচ্ছে, এবং তাহসান-রোজার সুখী ও সফল জীবন কামনা করছেন অসংখ্য নেটিজেন।

পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদে ৭৪ কর্মকর্তার বদলি

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক:

পুলিশের ৫০ জন পুলিশ সুপার (এসপি) এবং ২৪ জন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে ১৯ জন পুলিশ সুপারকে নিয়ে একটি এবং ৩১ জন পুলিশ সুপারকে নিয়ে আরেকটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একইসঙ্গে ২৪ জন অতিরিক্ত পুলিশ সুপারকে নিয়ে আরও একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), পুলিশ হেডকোয়ার্টার, সিআইডি, এসবি, র‍্যাব, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), পিবিআই, এপিবিএন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)সহ বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জাবি উপাচার্যের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে অধ্যাপক কামরুল আহসান বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অগ্রগতি, বিশেষ করে শিক্ষাব্যবস্থা ও শিক্ষার্থীদের জীবনযাপনের উন্নয়ন বিষয়ে অবহিত করেন। তিনি জানান, উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাবি কর্তৃপক্ষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে।

ঘোষণা অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তফসিল প্রকাশ করা হবে। এরই মধ্যে গত ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টার পরামর্শ চান উপাচার্য।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাকসু নির্বাচন আয়োজনের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “আপনারা চাইলে নিজেদের পরিকল্পনা অনুযায়ী নির্বাচন আয়োজন করতে পারেন। এটি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বেই হওয়া উচিত।”

এসময় উপাচার্য জানান, দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের বাজেট ও গবেষণার বরাদ্দ বাড়ানো হয়েছে এবং প্রথম বর্ষের ভর্তি ফর্মের ফি কমানো হয়েছে। এছাড়া, জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার বিষয়ে উপদেষ্টাকে অবহিত করেন তিনি।

উপাচার্য আরও জানান, আহত শিক্ষার্থী ও শিক্ষকদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

প্রধান উপদেষ্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত ও প্রশাসনিক অগ্রগতির প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন জাবির উপউপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান, অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

সচিবালয় ঘেরাও করে জবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করেছেন। সোমবার বিকেল ৫টায় শিক্ষার্থীরা এ অবরোধ শুরু করেন। এর আগে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে পদযাত্রা শুরু করেন তারা।

অনশনরত শিক্ষার্থীরা রিকশায় এবং সাধারণ শিক্ষার্থীরা হেঁটে সচিবালয়ের দিকে যান। এ সময় তারা বিভিন্ন স্লোগানে নিজেদের দাবির পক্ষে অবস্থান জানান। শিক্ষার্থীরা বলেন, মন্ত্রণালয়কে এক ঘণ্টার সময়সীমা দিয়ে লিখিত প্রতিশ্রুতি চাওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে কোনো প্রতিশ্রুতি না পাওয়ায় তারা সচিবালয়মুখী হন।

অনশনরত শিক্ষার্থী রায়হান রাব্বি বলেন, “আমরা আমাদের দাবি জানিয়েছি। লিখিত অঙ্গীকার না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। বুধবারের মিটিংয়ে আমাদের দাবি মেনে নেওয়া হবে, এমন প্রতিশ্রুতি থাকতে হবে। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।”

শিক্ষার্থীরা সচিবালয়ের সামনের সড়ক অবরোধ করায় আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবির বিষয়ে দ্রুত সমাধান না হলে আন্দোলন আরও কঠোর হবে।

ফেব্রুয়ারির মধ্যেই সব পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষার্থীদের সব পাঠ্যবই আগামী ফেব্রুয়ারির মধ্যেই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। পাঠ্যবই বিতরণে বিলম্বের জন্য তিনি দায়িত্ব গ্রহণের শুরুর দিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে ব্যস্ত থাকা এবং বই ছাপাতে দেরি হওয়ার বিষয়টি দায়ী করেছেন।

সোমবার (১৩ জানুয়ারি) পরিকল্পনা কমিশনে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব)’ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

উক্ত অনুষ্ঠানে ইরাব সভাপতি আকতারুজ্জামান, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মুছা মল্লিক, দপ্তর সম্পাদক রুম্মান তূর্য, কার্যনির্বাহী সদস্য আবদুল হাই তুহিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, “দায়িত্ব গ্রহণের পর প্রথম দিকে আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে ব্যস্ত ছিলাম। তখন কর্মকর্তারা বলেছিলেন যে বই নির্ধারিত সময়েই পৌঁছে যাবে। কিন্তু শেষ দিকে এসে বুঝতে পারি, এখনও অনেক কাজ বাকি।”

তিনি জানান, প্রথম দিকে কাগজের সংকট ছিল এবং আর্ট পেপার পাওয়া যাচ্ছিল না। তবে ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন সংস্থার সহায়তায় এই সংকট সমাধান হয়েছে। কিছু আর্ট পেপার এখনো ঘাটতি থাকলেও বিদেশ থেকে জাহাজ রওনা দিয়েছে, যা জানুয়ারির শেষ দিকে পৌঁছাবে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, “আমরা বই ছাপার কার্যক্রম শুরু করতে দেরি করেছি। নতুন সিলেবাস ও কারিকুলাম প্রণয়ন করতে হয়েছে, যা সময়সাপেক্ষ। তবে আগের সরকারের আমলে মার্চের আগে পুরোপুরি বই সরবরাহ করা হয়নি, এবার ফেব্রুয়ারির মধ্যেই তা নিশ্চিত করা হবে।”

শিক্ষা সংস্কারে ইরাবের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “দেশীয় সক্ষমতা যাচাইয়ের মাধ্যমে আমরা শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছি। এতে কিছুটা সময় লাগলেও ভবিষ্যতে আরও ভালো ফল আসবে।”

অন্তর্বর্তী সরকারকে দেশের জনগণ বৈধ হিসেবে গ্রহণ করেছে : হাইকোর্ট

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করেছে হাইকোর্ট। সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও শিকদার মো. মাহমুদুর রাজীর বেঞ্চ এই রিট খারিজের আদেশ দেন।

হাইকোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে, অন্তর্বর্তী সরকারকে দেশের জনগণ বৈধ হিসেবে গ্রহণ করেছে। তাই এ বিষয়ে কোনো বিতর্কের সুযোগ নেই।

রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ। তিনি সম্প্রতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ চ্যালেঞ্জ করে রিট করেন।

গত ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়। সেদিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সাত বিচারপতি এই প্রক্রিয়াকে বৈধ বলে মতামত দেন এবং স্পেশাল রেফারেন্স জারি করেন।

স্পেশাল রেফারেন্সে আপিল বিভাগ বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ এবং জাতীয় সংসদ ভেঙে দেওয়ার পর বিদ্যমান পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করতে পারছেন না। এ অবস্থায় সাংবিধানিক শূন্যতা পূরণে রাষ্ট্রপতির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন জরুরি বলে মতামত দেওয়া হয়।

এরপর সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের শপথ পাঠ করান। হাইকোর্টের এ আদেশের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা আরও একবার সুস্পষ্ট হলো।

লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাজ্যের লন্ডন দ্য ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে। রবিবার (১৩ জানুয়ারি) তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. জাহিদ হোসেন বলেন, “তার স্বাস্থ্যের রুটিন পরীক্ষা প্রতিদিনই চলছে। তবে সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিশেষ কিছু পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে। হাসপাতালে খালেদা জিয়াকে দেখেছেন বিখ্যাত হেপাটোলজিস্ট অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি। তার তত্ত্বাবধানেই চিকিৎসা চলছে।”

তিনি আরও জানান, হাসপাতালে ভর্তির পরপরই খালেদা জিয়ার ফিজিওথেরাপি করানো হয়, যা তার শারীরিক অবস্থার আরও উন্নতি করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান হাসপাতালে খালেদা জিয়ার সার্বক্ষণিক পরিচর্যা করছেন বলেও উল্লেখ করেন ডা. জাহিদ।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি খালেদা জিয়া লন্ডনে যান। সেদিনই হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডন দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। ইতোমধ্যে তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চিকিৎসা চলছে।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।

৪ ঘণ্টা পর রাজশাহীসহ সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক:

প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীসহ সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া বগিটি সরিয়ে নেওয়া হলে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে, সকালে সাড়ে ৬টার দিকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম জানান, চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ২৫ কিলোমিটার যাওয়ার পর বেলপুকুর পার হয়ে সরদহ স্টেশন এলাকায় এসে লাইনচ্যুত হয়। এর ফলে রাজশাহীর সঙ্গে অন্যান্য রুটের রেল যোগাযোগও বন্ধ হয়ে যায়। উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।

এছাড়া, ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস, বনলতা, সিল্কসিটি স্টেশনেও আটকা পড়ে। সিঙ্গেল লাইনের কারণে উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত কোনো ট্রেন যাওয়া আসা করতে পারছিল না।

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত

ফাইল ছবি

জেলা প্রতিনিধি :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি রংপুরে গোপনে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

শহিদুল ইসলাম পাটগ্রামের কাশিরডাঙ্গা গ্রামের জবেদ আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮৫৯-এর ৪ নম্বর উপপিলার দিয়ে গরু পারাপারকারী চার থেকে পাঁচজনের একটি দল ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার ময়নাতলী গ্রামে গরু আনতে যায়। ফেরার পথে ১৬৯ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের বুড়াবুড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে শহিদুলের পায়ে গুলি লাগে। পরে সঙ্গীরা তাকে রাতেই রংপুরে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

বিজিবির পক্ষে কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম জানান, আহত ব্যক্তি গরু পারাপারকারী (ডাঙ্গোয়াল) ছিলেন। এ ঘটনার প্রতিবাদ জানাতে রবিবার (১৩ জানুয়ারি) সকালে সীমান্তে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে মীররাপা বিএসএফ ক্যাম্পের কমান্ডারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজিবি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে।

এ ঘটনায় সীমান্ত এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং বিজিবি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৭টা থেকে সড়কের বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী লেনে সড়ক দুর্ঘটনা এবং একটি যানবাহন বিকল হয়ে পড়ার কারণে এ যানজট শুরু হয়। সময়ের সঙ্গে যানজট আরও বেড়ে প্রায় ১৩ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে।

যানজটে আটকে থাকা যাত্রী ও চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তিশা পরিবহনের বাসচালক সাইফুল ইসলাম বলেন, “মেঘনা সেতু পার হওয়ার পর থেকেই যানজট শুরু। তবে কী কারণে এমন পরিস্থিতি, তা জানি না।” ট্রাকচালক নাছির মিয়া জানান, “জামালদী থেকে ভবেরচর বাসস্ট্যান্ড আসতে এক ঘণ্টারও বেশি সময় লেগেছে। জানি না, কখন গন্তব্যে পৌঁছাতে পারব।”

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, দুর্ঘটনা কবলিত ও বিকল হয়ে যাওয়া যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন যে শীঘ্রই যান চলাচল স্বাভাবিক হবে।

সকাল ১১টা পর্যন্ত যানজট অব্যাহত থাকায় সাধারণ যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর

৭ বছর পর ফিরেও বক্স অফিস কাঁপাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’

0
অনলাইন ডেস্ক: মুক্তির সাত বছর পর বাড়তি দৃশ্য নিয়ে আবারও প্রেক্ষাগৃহে ফিরেছে মার্ভেল ও ডিজনির জনপ্রিয় সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। নতুন সিনেমার ভিড়েও বক্স অফিসে দাপট...