অনলাইন ডেস্ক:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে একটি বিশেষ থিম সং তৈরি হচ্ছে। গানটি গীতিকবি মুনশি ওয়াদুদের কথায় এবং সুরকার মুরাদ নূরের সুরে তৈরি করা হয়েছে। ‘জিয়াউর রহমান’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রাজীব, এবং সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু।
গত রোববার রাজধানীর লংপ্লে রেকর্ডিং স্টুডিওতে গানটির কণ্ঠ ধারণের কাজ সম্পন্ন হয়েছে। এই গানটি শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাতে এবং তার অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে তৈরি হচ্ছে।
গীতিকবি মুনশি ওয়াদুদ বলেন, “রাজীবের গলাটা আমার কাছে বিশেষ মনে হয়েছে। তার স্পষ্ট উচ্চারণ ও কাব্যিক শৈলীতে গানটি প্রাণ পেয়েছে। আমি সাধারণ কিছু শব্দ ব্যবহার করেছি, কিন্তু বাকী সব কৃতিত্ব সুরকার মুরাদ নূরের। আমি আশাবাদী, এই গানটি জিয়াউর রহমানের অনুসারীদের নতুন উদ্যমে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”
সুরকার মুরাদ নূর বলেন, “বিশেষ মানুষের বিষয়ে গান সৃষ্টি করতে গেলে অনেক চ্যালেঞ্জ থাকে। জিয়াউর রহমানের নামের সাথে আমার শৈশব ও কৈশোরের অনেক স্মৃতি জড়িত। আমি চেষ্টা করেছি এই গানটি দিয়ে তাকে নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে। বাকীটা শ্রোতাদের মন্তব্যে নির্ভর করবে।”
কণ্ঠশিল্পী রাজীব জানান, “এত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক সৃষ্টির সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। মুরাদ নূরকে ধন্যবাদ, আমাকে এই বিশেষ কাজের অংশ করার জন্য। বেঁচে থাকুক আমাদের গণমানুষের জিয়াউর রহমান।”
এই গানটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১৯ জানুয়ারি ডিজিটাল মাধ্যমে বিশ্বব্যাপী প্রকাশিত হবে।




















