Saturday, September 26, 2026
27 C
Dhaka
Saturday, September 26, 2026

২০২৫ সালের মধ্যেই নির্বাচন দিতে হবে : ডা. তাহের

জেলা প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়ে বলেছেন, এটি ২০২৫ সালের মধ্যে আয়োজন করতে হবে।

শনিবার (২১ ডিসেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এ জে মডেল হাইস্কুল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, ‘সম্ভব’, যদি তারা আংশিক সংস্কার করেন। আমরা মনে করি, তিন থেকে ছয় মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করা সম্ভব। এরপর এ বছরের শেষ দিকে নির্বাচন আয়োজন করা হবে—এটাই জাতির প্রত্যাশা এবং জামায়াতে ইসলামী’র দাবি।”

তিনি আরও বলেন, “ইতিহাস বলছে, ফ্যাসিজম একবার বিদায় হলে আর ফিরে আসে না। আমাদের দেশেও তা হবে না। তাই বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।”

আওয়ামী লীগের নৃশংসতার বর্ণনা দিয়ে তিনি বলেন, “শুধু বিএনপি বা জামায়াত নয়, আওয়ামী লীগ তাদের দলের লোকদেরও খুন ও নির্যাতন করেছে। আমার এলাকায় নিজের দলের ৮ কর্মীকে তারা হত্যা করেছে। তবে আমরা কোনো হত্যার রাজনীতি করব না।”

তিনি নারীদের চাকরি প্রসঙ্গে বলেন, “আমাদের বলা হয়, নারীর অধিকার থাকবে কি না, তারা চাকরি করতে পারবে কি না? আমার স্ত্রী একজন প্রফেসর, আমার মেয়ে একজন ডাক্তার, তিনিও চাকরি করেন। আমার দ্বিতীয় মেয়ে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর আমার ছোট মেয়ে আর্কিটেক্ট (স্থপতি), তিনিও চাকরি করেন। আমরা ক্ষমতায় এলে যদি নারীদের চাকরি করতে না দেই, তাহলে তো আমার পরিবারের সদস্যদের চাকরি থাকছে না। এগুলো জামায়াতে ইসলামী’র বিরুদ্ধে একটি অপপ্রচার মাত্র।”

এছাড়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে যুব সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মু. আব্দুল হালিম, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ জাহিদুল ইসলাম, কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, কুমিল্লা অঞ্চল টিম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট শাহজাহান, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা।

নির্বাচন শেষে আমি আমার পুরনো কাজে ফিরে যেতে চাই: ড. ইউনূস

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি বাংলাদেশ ১৫ বছরের স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে ইকোনমিস্ট সাময়িকীর “কান্ট্রি অব দ্য ইয়ার” খেতাব অর্জন করেছে। এই অর্জনকে ঘিরে, ব্রিটিশ সাময়িকীটির সঙ্গে এক সাক্ষাৎকারে অংশ নেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ২০২৫ সালে নির্বাচন আয়োজনের পর তিনি কী করবেন? জবাবে, ড. ইউনূস বলেন, “আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে। আমাকে জোর করে এই কাজটি করতে আনা হয়েছে। আমি আমার আগের কাজগুলো উপভোগ করছিলাম এবং প্যারিসে ছিলাম। সেখান থেকে আমাকে টেনে আনা হয় নতুন দায়িত্ব গ্রহণের জন্য। সুতরাং, আমি আমার পুরনো কাজে ফিরে যেতে চাই, যা আমি সারা জীবন ধরে করেছি। তরুণরা এটিকে ভালোবাসে, এবং আমি আবার আমার সেই দলে বা আন্দোলনে ফিরে যেতে চাই, যা আমি সারা বিশ্বে তৈরি করেছি।”

ড. ইউনূস আরও যোগ করেন, “আমাদের উচিত তরুণদের, বিশেষ করে তরুণীদের ওপর মনোযোগ দেওয়া। তারা বাংলাদেশের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের মধ্যে রয়েছে অসীম সম্ভাবনা। তরুণরা এখন নেতৃত্ব দিচ্ছে, এবং তারা আমাদের ভবিষ্যৎ। ক্যাবিনেটে আমার তিন তরুণ সহকর্মী রয়েছেন, যারা দুর্দান্ত কাজ করছে। তারা আগের শতাব্দীর তরুণ নয়, তারা এই শতাব্দীর তরুণ, এবং তারা অত্যন্ত সক্ষম।”

তিনি আরও বলেন, “আমি আশ্বস্ত করছি যে, বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না। তরুণরা ধর্ম নিয়ে নিরপেক্ষ, এবং তারা নতুন বাংলাদেশ গড়তে চায়। তারা শুধু এক দেশ নয়, পুরো পৃথিবী পরিবর্তন করতে পারে। বাংলাদেশ তার উদাহরণ দেখিয়েছে, যেখানে তরুণরা প্রমাণ করেছে তাদের শক্তি।”

ড. ইউনূসের এই সাক্ষাৎকারে বাংলাদেশের তরুণদের শক্তি, তাদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ এবং দেশের অগ্রগতির জন্য তাদের অবদান নিয়ে তিনি আশা প্রকাশ করেন।

পারিম্রমিক ছাড়াই কনসার্টে গান, উপস্থাপনা

নিজস্ব প্রতিবেদক:

আজ ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্ট অনুষ্ঠিত হবে, যেখানে রাহাত ফতেহ আলী খান বিনা পারিশ্রমিকে গান গাইবেন। আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম জানিয়েছে, কনসার্ট থেকে অর্জিত সম্পূর্ণ অর্থ শহিদ ও আহতদের সহায়তায় ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে।

কনসার্টটি উপস্থাপনা করবেন দীপ্তি চৌধুরী, যিনি কোনো পারিশ্রমিক ছাড়াই এই উদ্যোগের অংশ হচ্ছেন। কনসার্টে রাহাত ফতেহ আলী খান ছাড়াও দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ ও সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন।

এছাড়াও , এনবিআর কনসার্টের জন্য ভ্যাট ও শুল্ক থেকে অব্যাহতি দিয়েছে এবং সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড আর্মি স্টেডিয়ামের ভাড়া মওকুফ করেছে। এছাড়া, ঢাকা মহানগর পুলিশ কনসার্টের দিন বিশেষ যান চলাচল নির্দেশনা জারি করেছে।

প্রাইভেটকারের ধাক্কায় নিহত বুয়েট শিক্ষার্থীর ঘটনায় পাঁচ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক:

বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। শনিবার (২১ ডিসেম্বর) বুয়েট ক্যাম্পাসে এই মিছিল অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা এই ঘটনার নিন্দা জানিয়ে পাঁচটি দফা দাবি তুলেছেন।

শিক্ষার্থীরা শহিদ মিনারের সামনে জড়ো হয়ে নিজেদের দাবি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তারা জানান, ঘটনাটি যে কোনো দুর্ঘটনা ছিল না, তা স্পষ্ট। তারা অভিযোগ করেন, নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে তাদের সহপাঠীকে হত্যা করা হয়েছে এবং দুজনকে গুরুতর আহত করা হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “এটি একটি হত্যাকাণ্ড, এবং আমরা এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমাদের কোনো ধরনের হুমকি দেয়া হয়নি, তবে ঘটনার সঙ্গে জড়িতরা সেটেলমেন্টের চেষ্টা করেছে, যা আমরা প্রত্যাখ্যান করেছি।”

প্রতিবাদকারী শিক্ষার্থীরা সরকারের কাছে তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন: ১. বিচারব্যবস্থাকে একটি গোষ্ঠীর হাত থেকে মুক্ত করে, অপরাধী যে পরিবারেরই সদস্য হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হোক। ২. নিহত শিক্ষার্থীর হত্যাকাণ্ডের জন্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ৩. আহতদের চিকিৎসার সকল খরচ অবশ্যই বিবাদীপক্ষকেই বহন করতে হবে। ৪. নিহত শিক্ষার্থীকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। ৫. সড়কগুলো নিরাপদ করা হোক, যেন ভবিষ্যতে আর কোনো প্রাণহানি না ঘটে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় নিহত হন বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ। এ ঘটনায় আরো দুই শিক্ষার্থী আহত হন। পুলিশ জানায়, গ্রেফতার তিন আসামির ডোপ টেস্টে মাদকাসক্তির প্রমাণ পাওয়া গেছে।

আগামী দুই-তিন দিনের মধ্যে গ্রেপ্তার হবে চাঁদাবাজরা: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময়  তিনি পুলিশ, ছাত্র, জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেন ।

কমিশনার বলেন, ‘‘চাঁদাবাজি আমাদের সমাজের জন্য একটি বড় সমস্যা। এর কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে, যার ফলে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষকে আরও বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। চাঁদাবাজি রোধ করতে হবে। ইতিমধ্যেই চাঁদাবাজদের একটি তালিকা তৈরি করা হচ্ছে এবং দুই থেকে তিন দিনের মধ্যে তাদের গ্রেপ্তার অভিযান শুরু হবে। চাঁদাবাজি করলে কাউকেও ছাড় দেওয়া হবে না।’’

হকারদের বিষয়ে মন্তব্য করে কমিশনার বলেন, ‘‘হকারদের একেবারে উচ্ছেদ করা অমানবিক। তবে, তাদেরকে রাস্তার পাশে সংযতভাবে থাকার জন্য অনুরোধ করছি। কেউ হকারদের কাছ থেকে চাঁদা না নেবেন, এটা বন্ধ করতে হবে।’’

সাজ্জাত আলী আরও বলেন, ‘‘মোটরসাইকেল একটি ঝুঁকিপূর্ণ বাহন। এক মোটরসাইকেলে দুই বা তিনজন যাত্রী থাকা অত্যন্ত বিপজ্জনক। ঢাকায় ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে এবং রাস্তা ব্যবহারকারীদের শৃঙ্খলা মেনে চলতে হবে।’’ তিনি যানজটের মধ্যে হর্ন বাজানোর বিষয়েও কথা বলেন, ‘‘যানজটে বারবার হর্ন বাজানোর কোনো সমাধান নেই। যারা এ ধরনের আচরণ করবেন, তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’’

এছাড়া, কমিশনার মোবাইল ছিনতাই বেড়ে যাওয়ার বিষয়টিও উল্লেখ করেন। তিনি সবাইকে রাস্তায় সতর্কভাবে চলাচল করতে এবং নিজেদের নিরাপত্তা নিয়ে সচেতন থাকতে আহ্বান জানান।

বিজয় দিবসের কনসার্টে নাচের কারণে সমালোচনায় জেফার রহমান

অনলাইন ডেস্ক:

বিজয় দিবসের কনসার্টে গানের চেয়ে বেশি নাচতে দেখা গিয়েছে দেশের প্রথম ইউটিউব বেইজড মিউজিশিয়ান জেফার রহমানকে। কনসার্টে তার ফ্যাশনেবল লুক ও প্রাণবন্ত নাচ দর্শকদের মুগ্ধ করলেও তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল বিতর্ক। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গাঢ় সবুজ শাড়ি, মেরুণ রঙের ব্লাউজ, নেকলেস, টিপ এবং আলগা চুলের সঙ্গে মাইক্রোফোন হাতে ‘বসন্ত বাতাসে’ গান গাইছেন জেফার। তবে তার নাচই বেশি নজর কাড়ে, যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পর দর্শকরা বিভিন্ন মন্তব্য করছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “গান কম শুনছি, পাঙাশ মাছের পেটি দেখছি বেশি, অসাম।” আরেকজন মন্তব্য করেছেন, “সাউন্ডবক্সে গান বাজিয়ে কনসার্টে গানই শোনাতে হয়, তাহলে জেফারকে কি শুধুমাত্র নাচ দেখানোর জন্য আনা হয়েছিল?” আরও একজন মন্তব্য করেছেন, “অটো টিউন শিল্পীরা লাইভে এমনই গাইবে।”

কিছু দর্শক প্রশ্ন তুলেছেন, “কনসার্টে ধরা খেলেন জেফার, নিজের গলায় গান না গেয়ে শুধুই নাচানাচি করলেন। তবে কি এতদিন দর্শকদের ধোকা দিয়ে চলেছেন জেফার?” তবে, এর উত্তরে একজন লিখেছেন, “হাসি পাচ্ছে আপনার কমেন্ট দেখে, আপনি জানেন না এসব কনসার্টের ভয়েজ রেকর্ড করা থাকে।”

২০১১ সালে বিখ্যাত ইংরেজি গান কাভার করে ইউটিউবে সাড়া ফেলে তরুণ প্রজন্মের এই সংগীতশিল্পী। বাংলাদেশে প্রথম ইউটিউব বেইজড মিউজিশিয়ান হিসেবে তার পরিচিতি। পরে তিনি স্টেজ শো’তে অংশগ্রহণ করতে শুরু করেন। তার স্বকীয় গায়কি ও ফ্যাশন স্টেটমেন্ট তাকে অন্যদের থেকে আলাদা করে তুলে। নেমেসিস, ওয়ারফেইজ, অর্থহীন-এর মতো দেশের বড় ব্যান্ডগুলোর সঙ্গে অসংখ্য স্টেজ শো করেছেন জেফার।

উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা হাইকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা শনিবার সকালে হাইকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। তিনি শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরিফের প্রথম জানাজা শুক্রবার বাদ এশা ধানমন্ডি ৭ নম্বর রোডের বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হয়। এ সময়, বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে যান বিশিষ্ট অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

ভূমিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আহসান করিম জানান, শনিবার দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের আয়োজনে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

আরিফের মেয়ে বিদেশ থেকে আসার পর তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ৮ আগস্ট তাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং পরদিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়। ২৭ আগস্ট তিনি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন এবং ১০ নভেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব পান।

সরকারি উদ্যোগের ঘাটতি ও জনবল সংকটে রেলের হাজার হাজার বিঘা জমি বেহাত

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

পশ্চিমাঞ্চল রেলওয়ের ভূসম্পত্তির পরিমাণ প্রায় ৪০ হাজার ৪১৯ একর, যার বর্তমান বাজারমূল্য ২ লাখ কোটি টাকারও বেশি। এই ভূসম্পত্তির মধ্যে নতুন প্রকল্পের জন্য আরো ৩ হাজার একর জমি যোগ হয়েছে। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে পশ্চিমাঞ্চল রেলের বিশাল অংশের জমি বেহাত হয়ে গেছে। জানা যায়, রেলের পশ্চিমাঞ্চলে আটটি জেলার মধ্যে সৈয়দপুর, সিরাজগঞ্জ, রাজশাহী, রাজবাড়ী, লালমনিরহাট, চুয়াডাঙ্গা, ঈশ্বরদী ও পাকশীতে সবচেয়ে বেশি জমি দখল হয়ে আছে।

রেলের জমি বেদখলের পরিমাণ কতটা ভয়াবহ, তা বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। সৈয়দপুরে ২৫০০ বিঘা, সিরাজগঞ্জে ২০০০ বিঘা, রাজশাহীতে ১৫০০ বিঘা এবং রাজবাড়ীতে ২০০০ বিঘা জমি দখল হয়েছে। এছাড়া, সান্তাহার, বগুড়া, খুলনা, কুষ্টিয়া, গোয়ালন্দঘাট, ফরিদপুর, যশোর, গাইবান্ধা, দিনাজপুরসহ পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় রেলভূমি বেহাত হয়ে যাচ্ছে।

এছাড়া, ১৯২৩ সালে নির্মিত ২৫ দশমিক ৮৪ কিলোমিটার দীর্ঘ রাজশাহীর গোদাগাড়ী সেকশনের রেললাইনটি ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর বন্ধ হয়ে যায়। এই সেকশনের জমির পরিমাণ ছিল ৭২০ একর, যার বর্তমান বাজারমূল্য প্রায় ২ হাজার কোটি টাকা। দুঃখজনকভাবে, এই জমির একাংশও বেহাত হয়ে গেছে।

এদিকে, সৈয়দপুর পৌরসভার সঙ্গে মিলে রেলের বিপুল পরিমাণ জমি দখল করে রাখা হয়েছে। ১৯৭৯ সালে ২৫ একর ৫০ শতক জমির লাইসেন্স ফি সংগ্রহের দায়িত্ব নেয় পৌরসভা, কিন্তু দীর্ঘদিন পর পৌরসভা আর রেলকে কোনো রাজস্ব দেয়নি। রেলের শতাধিক একর জমি পৌরসভার ছত্রছায়ায় দখলদারদের হাতে চলে গেছে।

উল্লেখযোগ্য, রেলের জমি বেদখল হয়ে গেলেও কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। পশ্চিমাঞ্চল রেলের প্রায় ১২ হাজার ৯ একর পরিত্যক্ত জমি স্বল্প ও দীর্ঘমেয়াদি ইজারায় দেওয়া আছে। তবে ভূমি উদ্ধারের জন্য প্রয়োজনীয় জনবলের সংকট এবং মামলা পরিদর্শকের অভাবে অভিযান চালানো সম্ভব হচ্ছে না। পশ্চিম রেলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা মাহ্মুদা পারভীন জানিয়েছেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান শুরু হলেও আদালত থেকে স্থগিতাদেশ পেয়ে দখলদাররা কার্যক্রম থামিয়ে দিচ্ছে।

রেলের জমির নিরাপত্তা ও উদ্ধারের জন্য প্রয়োজন আরও অনেক বেশি জনবল। বর্তমান কর্মী সংখ্যা এই বিপুল ভূমির ব্যবস্থাপনার জন্য অপ্রতুল।

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সরকারের উপদেষ্টা ও নেতাদের শোক

অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী-পেশার নেতারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার পৃথক শোক বার্তায় তারা উপদেষ্টা এ এফ হাসান আরিফের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

তার মৃত্যুতে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আফিস মাহমুদ সজীব ভূঁইয়া, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এ ছাড়া শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম, নাসির উদ্দিনসহ অন্য কমিশনাররা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

পৃথক শোক বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোক বার্তায় তারা বলেন, এ. এফ. হাসান আরিফ ছিলেন বাংলাদেশের একজন প্রাজ্ঞ আইনজীবী। কর্মনিষ্ঠ ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসাবে তাঁর সুখ্যাতি রয়েছে। তাঁর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আজ বেলা ৩টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

গত ৮ আগস্ট গঠিত অন্তর্র্বর্তীকালীন সরকারে প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন হাসান আরিফ। পরে তাকে ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

হাসান আরিফ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তিনি ১৯৭০ সাল থেকে আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন। ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৮ সালের জানুয়ারি থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।

—-বাসস

টঙ্গীতে সেতু ভেঙে ট্রাক নদীতে

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি বেইলি সেতু ভেঙে পাথর বোঝাই একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে। এই দুর্ঘটনার কারণে গাজীপুরগামী যানবাহন বিকল্প পথে চলাচল করছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এন এম নাসির উদ্দিন জানান, শনিবার (২১ ডিসেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরমুখী লেইনের বেইলি সেতু ভেঙে পাথর বোঝাই ট্রাক তুরাগ নদীতে পড়ে যায়। এতে সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে স্থানীয় যানবাহনগুলো কামারপাড়া হয়ে বিকল্প পথ ব্যবহার করছে। তবে, নতুনভাবে নির্মিত তুরাগ সেতুর ওপর দিয়ে অন্য লেইনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ফেসবুকে একটি ট্রাফিক আপডেট প্রকাশ করে জানিয়েছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীস্থ বেইলি সেতু আজ ভোরে ভেঙে গেছে। এ কারণে, যাত্রীদের এবং যানবাহন চালকদের টঙ্গী সেতু এড়িয়ে কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

এ ব্যাপারে গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী কেএম শরিফুল আলমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

সড়ক ও জনপথ কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে ব্যবস্থা নেবেন বলে জানা গেছে।

সর্বশেষ খবর

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

0
নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের পাঁচ...