অপারেশন ডেভিল হান্টের চতুর্থ দিনে গ্রেপ্তার ৫৯১, মোট ২৮৬৫

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় সারা দেশে অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে এক হাজার ৬৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছেন ৫৯১ জন। চতুর্থ দিনের এ অভিযানে অপারেশন ডেভিল হান্টে মোট গ্রেপ্তার সংখ্যা ২৮৬৫-এ পৌঁছেছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া অপরাধীদের মধ্যে ৫৯১ জনকে অপারেশন ডেভিল হান্টের আওতায় আটক করা হয়েছে, বাকিরা অন্যান্য অপরাধের জন্য গ্রেপ্তার হয়েছেন।

এছাড়া, অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের মধ্যে একটি বিদেশি পিস্তল, একটি চাইনিজ রাইফেল (যা পুলিশ থেকে লুট হয়েছে), দুটি এলজি, চারটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ১৭ রাউন্ড কার্তুজ, ২০টি ককটেল, ৬টি ছুরি, একটি তলোয়ার, একটি হাতুড়ি, একটি গুটি রেঞ্জ, একটি প্লাস, একটি সেলাই রেঞ্জ, দুটি লোহার পাইপ, একটি কাটার এবং তিনটি কিরিচ অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আহত কাশেম খান চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা গেছেন। হামলার পর, দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এরই পরিপ্রেক্ষিতে, ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু হয়।