আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে উত্তাল ভাঙ্গা, রেলপথ-মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি :

ফরিদপুর-৪ আসনের পুনর্বিন্যাসে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়ন বাদ পড়ায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয়রা। এর প্রতিবাদে তারা বৃহস্পতিবার সকাল থেকে রেল ও সড়কপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন, যার ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাতায়াত কার্যত অচল হয়ে পড়ে।

সকাল সাড়ে ৭টার দিকে বিক্ষোভকারীরা ঢাকা-খুলনা ও ঢাকা-বেনাপোল রেলপথ অবরোধ করলে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায়। একই সময়ে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কেও পাঁচটি স্থানে গাছের গুঁড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন স্থানীয়রা।

বিক্ষোভে অংশ নেন নারী-পুরুষ, তরুণ-প্রবীণসহ শত শত মানুষ। মাধবপুর এলাকায় তাঁবু টানিয়ে, আসবাবপত্র ফেলে ও স্লোগান দিয়ে চলছিল প্রতিবাদ। বিক্ষোভকারীদের অভিযোগ—নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ষড়যন্ত্রমূলক ও স্থানীয় স্বার্থবিরোধী।

বিক্ষোভকারীরা বলেন, “আমাদের ইউনিয়নগুলো বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। এই চক্রান্ত মেনে নেব না।”

এলাকাবাসীর দাবি, ৫ সেপ্টেম্বর প্রথম আন্দোলনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিলেও ৯ সেপ্টেম্বর পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া লাগাতার অবরোধ কর্মসূচি বৃহস্পতিবার গড়ায় তৃতীয় দিনে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন—আলগী ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-৪ আসনে পুনর্ভুক্ত না করা পর্যন্ত আন্দোলন চলবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা পরিষদ এলাকায় সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ইউএনও মো. মিজানুর রহমান। তিনি বলেন, “এখনো নির্বাচন কমিশন থেকে আমাদের কাছে কোনো নতুন নির্দেশনা আসেনি।”