‘ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডে জড়িতদেরে আজকেই গ্রেপ্তার করা হোক’

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের ঘটনায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, “আমাদের সর্বপ্রথম দাবি হলো, আজকের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করতে হবে।”

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি জানান। মাওলানা মামুনুল হক আরও বলেন, “আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, এটি কোনো সাধারণ সংঘর্ষ ছিল না, বরং এক পক্ষীয় হামলা ছিল। সাদপন্থিরা এখানে হামলা চালিয়ে নিরীহ লোকদের হত্যাসহ অসংখ্য মানুষকে আহত করেছে।”

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব জানান, হামলার পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ফুটেজ ছড়িয়েছে, যাতে দেখা যাচ্ছে কীভাবে গেট, বাউন্ডারি ও সীমানা প্রাচীর ভেঙে হামলাকারীরা ভিতরে প্রবেশ করেছে। তিনি দাবি করেন, এই ভিডিও ফুটেজ আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতেও এসেছে এবং তা যথাযথ ব্যবস্থা গ্রহণে সহায়ক হবে।

মাওলানা মামুনুল হক আরও বলেন, “আমরা আশা করি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

তিনি বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠকে আশ্বস্ত করেছেন যে, তারা হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিলম্ব করবেন না এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করবেন।”

বৈঠকে উপদেষ্টাদের মধ্যে প্রথমে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিয়ে আলোচনা হয়, পরে মাওলানা জুবায়েরের অনুসারীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।