ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বামন্দী শাখায় ভয়াবহ চুরির ঘটনা

জেলা প্রতিনিধি :

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বামন্দী এজেন্ট শাখায় ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। ব্যাংকের ভল্ট ভেঙে চোরচক্র ৮ লাখ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

সোমবার (৩ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময় চোররা ব্যাংকের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে এ ঘটনা ঘটায়। খবর পেয়ে মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল এবং জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড সংলগ্ন নজরুল টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ব্যাংকের গ্রীল ও ভল্ট কেটে টাকা চুরি হয়েছে।

শাখা ব্যবস্থাপক জানিয়েছেন, সোমবার ব্যাংক বন্ধ করার সময় ৮ লাখ ১০ হাজার টাকা ভল্টে রাখা হয়। সকালে ব্যাংকের ক্যাশিয়ার ব্যাংকে প্রবেশ করে জানালার গ্রীল কাটা দেখে দ্রুত ভল্টকক্ষে গিয়ে খোঁজ নেন। সেখানে গিয়ে তিনি দেখতে পান ভল্ট কেটে টাকা নিয়ে গেছে এবং সিসিটিভি ক্যামেরার ডিভিআরও চুরি হয়েছে। তবে, গ্রাহকদের কোনো টাকা খোয়া যায়নি এবং তাদের লেনদেন স্বাভাবিকভাবে চলবে।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম আরও জানিয়েছেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। তবে, ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থায় যথেষ্ট ঘাটতি রয়েছে।