নিজস্ব প্রতিবেদক:
এইচএসসি পরীক্ষায় এক ও দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের জন্য আগামী ২ ডিসেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষা গ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি, আর এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বর।
গত শনিবার (৩১ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ চলবে ৩ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত এবং আগামী ৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে প্রশ্নপত্র প্রণয়নের কাজ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিদ্যমান বিধিমালায় এ ধরনের পরীক্ষা গ্রহণের সুযোগ না থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা প্রয়োজন।
এদিকে, আগামী ১ নভেম্বর থেকে খাতা পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে এবং আগামী ৭ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে এই আবেদন গ্রহণ করা হবে।
এরপর আগামী ৮ নভেম্বর বুয়েটের কাছ থেকে আবেদনসংক্রান্ত তথ্য নেওয়া হবে এবং ৯ নভেম্বর কম্পিউটার সেল থেকে উত্তরপত্রের তথ্যসংবলিত তালিকা ও বিষয়ভিত্তিক তালিকা পাঠানো হবে।
এছাড়াও আগামী ২২ নভেম্বর পর্যন্ত পুনর্মূল্যায়নের পরীক্ষক নিয়োগ এবং প্রধান পরীক্ষকদের কাছ থেকে উত্তরপত্র সংগ্রহ করা হবে, পাশাপাশি ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পরীক্ষকদের ব্রিফিং ও পুনর্মূল্যায়নের কাজ শুরু হবে।
সবশেষে নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী আগামী ২৭ নভেম্বর পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।











