অনলাইন ডেস্ক:
চলতি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, প্রথম পর্যায়ে আবেদনের শেষ দিন ছিল গতকাল সোমবার রাত ৮টা পর্যন্ত। সময়সীমা আগামী ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত করা হয়েছে। গত রোববার রাতে একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিতে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ আগামী ১৫ আগস্ট শুক্রবার রাত ৮টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অনলাইনে আবেদন করার নিয়ম: ভর্তি নীতিমালা অনুযায়ী, চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে একাদশ শ্রেণির ভর্তির আবেদনের কার্যক্রম চলবে। অনলাইন ছাড়া শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন না।
এবার আবেদন ফি ২২০ টাকা। আবেদন ফি দিয়ে সর্বনি¤œ পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম দিতে পারবেন শিক্ষার্থীরা। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবেন, সেগুলোর মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে ভর্তির অবস্থান নির্ধারণ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীকে ৩৩৫ টাকা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে। প্রাথমিক ভর্তি নিশ্চিত করার পর তিনি আরো দুই ধাপে মাইগ্রেশন করতে পারবেন। শিক্ষার্থীর পছন্দের কলেজে সিট ফাঁকা থাকা সাপেক্ষে অটোমাইগ্রেশন করা হবে।











