কেউ মানা করলে তিনটি বোরকা পরব: শাবানা আজমি
অনলাইন ডেস্ক:
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি মন্তব্য করেছেন যে, পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ নেই। বরং সেখানে নারী ও পুরুষ উভয়কেই শালীনতা বজায় রাখার কথা বলা হয়েছে। সম্প্রতি উষা কাকাড়ের সঞ্চালনায় একটি পডকাস্টে অংশ নিয়ে ইসলাম ধর্মে হিজাব ও বোরকা পরা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক প্রসঙ্গে এই কথা বলেন তিনি। শাবানা নিজে ধর্মীয় আচার পালন না করলেও সাংস্কৃতিকভাবে নিজেকে মুসলিম মনে করেন।
পবিত্র কোরআনে হিজাব বা বোরকা নিয়ে কী বলা হয়েছে, এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, কোরআনের কোথাও এমন বলা নেই যে কাউকে এভাবে বোরকা পরতে হবে। কোরআনে শুধু বলা হয়েছে চোখে শালীনতা থাকতে হবে, যা নারী ও পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। ধর্মীয় শিক্ষার ভুল ব্যাখ্যার জন্য কিছু মধ্যস্থতাকারীকে দায়ী করে তিনি জানান, এসব মানুষ কোরআনে নারীদের পর্দা করা বাধ্যতামূলক বলে দাবি করে বিভ্রান্তি তৈরি করছেন।
নিজে বোরকা না পরলেও অন্যের পোশাকের স্বাধীনতায় হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করে শাবানা বলেন, তিনি বোরকা পরেন না, কিন্তু কেউ যদি তাকে বোরকা পরতে নিষেধ করে, তবে তিনি তিনটি বোরকা পরবেন। তাকে এমন কথা বলার অধিকার কাউকে দেওয়া হয়নি। তবে এর পাশাপাশি তিনি এও স্পষ্ট করেন যে, ধর্মনিরপেক্ষতার আড়ালে মৌলবাদ ছড়ানোও কোনোভাবেই চলতে পারে না।
উল্লেখ্য, এটি প্রথমবার নয়; এর আগেও ২০২২ সালে ভারতের কর্ণাটকে হিজাব বিতর্কের সময়ও সরব হয়েছিলেন এই অভিনেত্রী। সে সময় উদুপি শহরের একটি কলেজে হিজাব পরার কারণে ছয় ছাত্রীকে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাউত মন্তব্য করেছিলেন, সাহস দেখাতে চাইলে আফগানিস্তানে বোরকা না পরে সাহস দেখান এবং নিজেকে বন্দি না করে মুক্ত হতে শিখুন।
কঙ্গনার ওই মন্তব্যের জবাব দিয়ে সে সময় শাবানা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছিলেন, আফগানিস্তান একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র, আর ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এদিকে শাবানার স্বামী ও কবি-গীতিকার জাভেদ আখতারও হিজাব পরার চর্চার বিরোধিতা করেছেন এবং হিজাব নিয়ে আপত্তি তোলা হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর ধর্মনিরপেক্ষতার আড়ালে দ্বৈত নীতির অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন।
