নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ সোহেল খান আর নেই
অনলাইন ডেস্ক:
নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ সোহেল খান আর নেই। শুটিংয়ের কাজে বগুড়ায় গিয়ে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
পরিবার সূত্র জানায়, ‘নসীব’ সিনেমার শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে বগুড়া সিএমএইচে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতার আকস্মিক মৃত্যুতে দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।
