গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৭২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বুধবার (৯ এপ্রিল) এ তথ্য জানানো হয়।

গ্রেফতার হওয়াদের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জন রয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১০টি মামলা রুজু হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৮ এপ্রিল) ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করে পুলিশ। প্রধান উপদেষ্টার ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে জানানো হয়েছে, হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। এ বিষয়ে আরও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিবৃতিতে আরও বলা হয়, দোষীদের বিচারের আওতায় আনতে পুলিশ গত রাতে অভিযানে নেমেছে। আইন প্রয়োগকারী সংস্থা বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, সহিংসতা ও ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে এক হাজার ২০০ জনকে হত্যা করে। পরবর্তীতে গাজা যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) নির্বিচারে হামলা চালিয়ে অর্ধলাখের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।