নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্টে গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় গণহত্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার বিষয়টি যথার্থভাবে উঠে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসাথে তিনি শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য তাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতের কাছে দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ দাবি জানান।
তিনি বলেন, “আমি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে তাদের প্রতিবেদন প্রকাশের জন্য ধন্যবাদ জানাতে চাই। প্রতিবেদনটিতে সঠিকভাবে বলা হয়েছে যে, ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তার নির্দেশে গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন এবং গণতন্ত্র ও প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে।”
ফখরুল আরও বলেন, “এটা প্রমাণ হয়েছে যে, হাসিনা একজন ফ্যাসিস্ট। তিনি এ দেশের মানুষকে নির্যাতন, নিপীড়ন এবং হত্যা করেছেন। আমরা আজ ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তাকে (শেখ হাসিনা) ও তার সহযোগীদের অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাতে এবং বিচারের জন্য সরকারকে হস্তান্তর করতে। এটাই আমাদের প্রত্যাশা।”
জাতিসংঘের প্রতিবেদনটি প্রকাশের পর ঘটনাগুলোর সত্যতা উদঘাটিত হওয়ায় বিএনপি মহাসচিব দলের পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করেন। তিনি বলেন, “সমস্যা হচ্ছে জাতিসংঘ যখন কথা বলে, আমরা সবাই তা বিশ্বাস করি। কিন্তু যখন রাজনৈতিক দলগুলো এটা বলে, তখন অনেকেই বিশ্বাস করতে নারাজ। তবে, আমি জাতিসংঘের দলকে ধন্যবাদ জানাতে চাই, যারা এই প্রতিবেদনটি প্রস্তুত করেছেন।”
এছাড়া, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) বুধবার (১২ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টের বিক্ষোভ সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন’ শীর্ষক ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদন প্রকাশ করেছে।











