জামায়াত আমির ডা. শফিকুর রহমান হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে তিনি দু’দফা অসুস্থ হন। যদিও পরিস্থিতি সামাল দিয়ে তিনি মঞ্চেই বসে বক্তব্য শেষ করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, বক্তব্য শুরুর প্রায় সাড়ে সাত মিনিট পর হঠাৎ তিনি পড়ে যান। মঞ্চে থাকা চিকিৎসকরা তাকে বক্তব্য বন্ধ করার অনুরোধ জানালেও ডা. শফিক বলেন, “আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন, তত সময় মানুষের জন্য লড়াই করব ইনশাআল্লাহ। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমার লড়াই অব্যাহত থাকবে।”
বক্তব্যের শুরুতে তিনি শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের স্মরণ করেন।
সমাবেশ শেষে তাকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়। জামায়াতের প্রেস উইং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জানায়, ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তার রক্তচাপ ও সুগার লেভেল স্বাভাবিক রয়েছে। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।
সমাবেশে শহীদ পরিবারের সদস্য, দলের নির্বাহী পরিষদের নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব, হেফাজতে ইসলামের মহাসচিব, গণঅধিকার পরিষদের নুরুল হক নূর, এনসিপির আখতার হোসেন এবং শহীদ আবরারের পিতা বক্তব্য দেন।
